বেইজিং, আগস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি শহরে রোববার প্রায় ১২৭ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া ২ হাজার লোক নিখোঁজ থাকায় প্রাণহানির সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
গানসু প্রদেশের ঝউকু কাউন্টির প্রধান শহরের এ দুর্যোগে কমপক্ষে ৫০ হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে।
রাষ্ট্রীয় সংবাদ সংসস্থা সিনহুয়া জানিয়েছে, শনিবার ভারী বর্ষণের পর এ ভূমিধসের ঘটনা ঘটেছে।
সিনহুয়া ও চীনের এটি টেলিভিশন জানিয়েছে, বন্যা ও ভূমিধসে একটি ছোট জল বিদ্যুৎ কেন্দ্র ভেসে গেছে। এতে কমপক্ষে ৯৬ জনের প্রাণহানি হয়েছে।
সিনহুয়া আরো জানিয়েছে, নিশ্চিভাবে মৃতের সংখ্যা আরো বাড়বে। ২ হাজারের বেশি লোক নিঁখোজ রয়েছে। কিন্তু পরবর্তী একটি প্রতিবেদনে বলা হয়, কর্মকর্তারা এখনো নিঁখোজের সঠিক সংখ্যা নির্ণয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
উদ্ধার কর্মকর্তারা টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, কাদা ও ধ্বংসস্তুপের ফলে উদ্ধারের জন্য ভারী যন্ত্রপাতি ব্যবহার করা যাচ্ছে না।
ঝউকুর অধিবাসী হান জিয়াংপিং নামের এক ব্যবসায়ী রয়টার্সকে বলেছেন, অনেক একতলা বড়ি ভেসে গেছে এবং কতজনকে পাওয়া যায় তা দেখার জন্য আমরা অপেক্ষা করছি।
তিনি আরো বলেছেন, "ভূমিধসের ঘটনা আমাদের এখানে আগেও ঘটেছে। কিন্তু এর মত ভয়াবহ আকারে কখনো ঘটেনি। মানুষ তাদের পরিবারকে খুঁজে পাওয়ার চেষ্টা করছে এবং আরো উদ্ধারকর্মীর জন্য অপেক্ষা করছে।
রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, পার্শ্ববর্তী গ্রামের ৩০০ পরিবারসহ ঝউকু কাউন্টি শহরের প্রায় অর্ধেক বন্যায় ভেসে গেছে। এ অঞ্চলে প্রায় ৪০ হাজার লোক বাস করে। বন্যার পানি কিছু কিছু ভবনের তিন তলা পর্যন্ত ছুঁয়েছে।
সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, ২ হাজার ৮০০ সেনা ও শ'খানেক স্বাস্থ্যকর্মীকে সহায়তার জন্য পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/বিসিএস/এলকিউ/১৫৪৬ ঘ.
bdnews24