২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটেনে রাজনৈতিক সমাবেশ বাতিল বিলাওয়াল ভুট্টোর

রাজনৈতিক সমাবেশে যোগ দিতে ব্রিটেন সফরে যাওয়ার পরিকল্পনা বাদ দিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2010, 04:09 PM

Updated : 25 Aug 2022, 05:39 PM

লন্ডন , আগস্ট ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- রাজনৈতিক সমাবেশে যোগ দিতে ব্রিটেন সফরে যাওয়ার পরিকল্পনা বাদ দিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারি। ৮০ বছরের মধ্যে পাকিস্তানে স্মরণকালের ভয়াবহ বন্যার সময় ইউরোপ ভ্রমণের কারণে বাবা আসিফ আলী জারদারি সমালোচিত হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছেন বিলাওয়াল। প্রয়াত পাক-প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল বার্মিংহামের বৃটিশ পাকিস্তানিদের সমাবেশে প্রথমবারের মত রাজনৈতিক বক্তৃতা দেবেন বলে ধারণা করা হচ্ছিল। সমালোচকদের মতে পারিবারিক পরম্পরায় ছেলেকে রাজনীতিতে নিয়ে আসার জন্য জারদারি ইউরোপ সফরকে কাজে লাগাচ্ছেন। পাকিস্তানি হাই কমিশনের প্রকাশিত এক বিবৃতিতে বিলাওয়াল জানিয়েছেন, অনেকেই ধারণা করছেন, শনিবার বার্মিংহাম থেকে আমার রাজনৈতিক জীবন শুরু হচ্ছে। কিন্তু আসলে তা ঠিক নয়। তিনি আরো বলেন, আসলে ওই সমাবেশে আমি অংশগ্রহণ করছি না। বরং লন্ডনের পাকিস্তানি হাই কমিশনে বন্যা দুর্গতদের সাহায্য করার জন্য ত্রাণ তহবিল খুলছি। ২০০৭ সালে বেনজির ভুট্টোর মৃত্যুর পর বিলওয়াল পাকিস্তানের ক্ষমতাসীন পিপিপি (পাকিস্তান পিপলস পার্টি) এর সহসভাপতির দায়িত্ব পালন করছেন। কিন্তু রাজনীতিতে সক্রিয়ভাবে তার অংশগ্রহণ কম। এ বছর জুন মাসে অক্সফোর্ড থেকে লেখাপড়া শেষ করেছেন বিলাওয়াল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২২০৫ ঘ.