২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিন্দুধর্মে ধর্মান্তরিত জুলিয়া রবার্টস

হলিউড সুপারস্টার জুলিয়া রবার্টস পরজন্মে শান্তিপূর্ণ জীবনলাভের আশায় হিন্দুধর্মে ধর্মান্তরিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2010, 01:50 PM

Updated : 25 Aug 2022, 05:40 PM

হলিউড, আগস্ট ৬, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) ------ হলিউড সুপারস্টার জুলিয়া রবার্টস পরজন্মে শান্তিপূর্ণ জীবনলাভের আশায় হিন্দুধর্মে ধর্মান্তরিত হয়েছেন। বার্তা সংস্থা পিটিআই একথা জানিয়েছে। 'ইট প্রে লাভ' চলচ্চিত্রের শুটিং এর জন্য গত বছর ভারতে যাওয়ার পর থেকে জুলিয়া হিন্দু ধর্মমত অনুসরণ করছেন। চলচ্চিত্রটি এখনও মুক্তি পায়নি। ৪২ বছর বয়স্ক এ অভিনেত্রী ব্যাপটিস্ট ও ক্যাথলিক মতানুসারী এক দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন। এ্যাকাডেমি পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রী 'এল' ম্যাগাজিনের সেপ্টেম্বর সংখ্যায় বলেছেন, তিনি এখন তার স্বামী ড্যানিয়েল মডের এবং তিন সন্তান হ্যাজেল, ফিনাউস এবং হেনরিকে নিয়ে স্তবস্তুতি, প্রার্থনা ও ধর্মীয় উৎসব পালন করতে মন্দিরে যান। রবার্টস বলেছেন, "আমি হিন্দু ধর্ম চর্চা করছি। পরিবার এবং বন্ধুবান্ধবসহ আমি জীবনে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। তাই পরজন্মে শান্তিপূর্ণ, অনুকূল জীবন চাই।" 'প্রিটি ওম্যান' খ্যাত এ অভিনেত্রী 'ইট প্রে লাভ' সিনেমার শুটিং করতে গিয়ে প্রাচ্যের দর্শনের সঙ্গেও পরিচিত হন। এলিজাবেথ গিলবার্টের বিখ্যাত গ্রন্থ অবলম্বনে তৈরি এ চলচ্চিত্রে রবার্টস সম্প্রতি বিবাহবিচ্ছেদপ্রাপ্ত এক নারীর চরিত্রে অভিনয় করছেন। যে নারী নিজেকে আবিস্কারের চেষ্টায় বিশ্বভ্রমণে বের হয়েছে। খাবারের খোঁজে গেছে ইতালিতে, ভারতে গেছে আধ্যাত্মিকতার খোঁজে, আরও গেছে বালি-তে, যেখানে সে ভালোবাসার সন্ধান পেয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৯৪৫ ঘ.