সান্তিয়াগো, আগস্ট ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বের সর্বোচ্চ তামা উৎপাদনকারী দেশ চিলিতে বৃহস্পতিবার একটি খনি ধসে পড়েছে। প্রায় ৩০ জন শ্রমিক খনির ভেতরে আটকা পড়েছে।
তবে কর্তৃপক্ষ ধারণা করছে, আটকা পড়া শ্রমিকরা খনির অভ্যন্তরে আশ্রয়কেন্দ্রে পর্যাপ্ত অক্সিজেন ও খাদ্য গ্রহণ করতে পারবে।
দেশটির উত্তরাঞ্চলীয় কোপিয়াপো শহর থেকে ৫০ মাইল দূরে ওই খনিতে উদ্ধার কাজের জন্য উদ্ধারকারী দল পৌঁছেছে। আটকে পড়া শ্রমিকদের অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো কর্তৃপক্ষ পায়নি।
ওই অঞ্চলের সুপারিনটেনডেন্ট জিমেনা মাতাস স্থানীয় বেতারকে জানান, "খনি শ্রমিকরা মাটির নিচে আশ্রয়কেন্দ্রে গিয়ে পর্যাপ্ত অক্সিজেন ও খাদ্য পাবে।"
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এটি তামা ও সোনার একটি ছোট খনি।
চিলি বিশ্বের সর্বোচ্চ তামা উৎপাদক হলেও কর্তৃপক্ষের নিবিড় তত্ত্বাবধানের কারণে গুরুতর দুর্ঘটনা সচরাচর ঘটে না।
জুনে কলম্বিয়ায় একটি ছোট কয়লা খনিতে বিস্ফোরণে ৭০ শ্রমিক প্রাণ হারায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩১৯ঘ.
bdnews24