করাচি, আগস্ট ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের করাচিতে প্রভাবশালী একটি রাজনৈতিক দলের নেতা হত্যার জেরে সহিংসতায় কমপক্ষে ৪৫ জন নিহত ও ৯০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। মঙ্গলবার পুলিশ একথা জানিয়েছে।
বেশ কিছু যানবাহন ও দোকান জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। আরো সহিংসতার আশঙ্কায় সতর্কবস্থায় রয়েছে নিরাপত্তা বাহিনী। করাচির রাস্তাঘাট হয়ে পড়েছে জনশূণ্য।
পরিস্থিতি থমথমে। বন্ধ হয়ে গেছে স্কুল, ব্যবসা-বাণিজ্য। রাস্তায় টহল দিচ্ছে পুলিশ ও আধা সামরিক বাহিনীর সেনারা।
করাচির ২য় বৃহত্তম নগরী হায়দ্রাবাদের বেশির ভাগ এলাকাই জনমানবশূণ্য হয়ে পড়েছে।
করাচির পুলিশ জানিয়েছে, হত্যাকান্ডের সঙ্গে জড়িত সন্দেহে ডজনখানেক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।
নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্রিয় হলেও কিছু কিছু এলাকায় বন্দুকধারীদের ঘোরাফেরার কারণে লোকজন আতঙ্কে রয়েছে।
মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) এর নেতা রাজা হায়দার সোমবার একটি অন্ত্যষ্টিক্রিয়ায় যোগ দিতে গেলে অস্ত্রধারীদের গুলিতে দেহরক্ষীসহ নিহত হন।
এ হত্যার ঘটনায় ১ কোটি ৮০ লাখ মানুষ অধ্যুষিত করাচিতে নতুন করে অস্থিতিশীলতার হুমকি সৃষ্টি হল।
হত্যার ঘটনার জন্য সরকার তালেবান এবং নিষিদ্ধঘোষিত সিপাই-ই-সাবা পাকিস্তান (এসএসপি) কে দায়ী করেছে।
ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক মঙ্গলবার সিনেটে বলেছেন, সহিংসতায় জড়িত সন্দেহে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
করাচির পুলিশ প্রধান ওয়াসিম আহমেদ রয়টার্সকে জানান, তাদের কাছে নির্ভরযোগ্য তথ্য রয়েছে নিষিদ্ধঘোষিত একটি উপদল হায়দারের হত্যাকাণ্ডে জড়িত। তবে তিনি দলটির নাম জানাননি।
মুত্তাহিদা কওমি মুভমেন্ট হায়দারের মৃত্যুতে তিনদিনের শোকপালন কর্মসূচি ঘোষণা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/এলকিউ/১৩২০ঘ.
bdnews24