জেরুজালেম, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহরে হামলায় নয় জন নিহতের ঘটনার জাতিসংঘ তদন্তে সহযোগিতা করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। কর্মকর্তারা সোমবার একথা জানিয়েছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, "ত্রাণবহর বিষয়ক সমস্ত ঘটনার প্রকৃত সত্য বিশ্ববাসীর সামনে তুলে ধরা ইসরায়েলের রাষ্ট্রীয় স্বার্থের জন্য প্রয়োজন।"
গত ৩১ মে গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহরে ইসরায়েলি নৌ কমান্ডোদের হামলায় নয় ত্রাণ কর্মী নিহত হয়। নিহতদের সবাই তুরস্কের নাগরিক।
এ ঘটনা তদন্তে জাতিসংঘ মহাসচিব বান কি মুন ঘোষিত চার সদস্যের তদন্ত প্যানেলে ইসরায়েল ও তুরস্কের একজন করে প্রতিনিধি রয়েছে।
নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জিওফ্রে পালমার ও কলম্বিয়ার বিদায়ী প্রেসিডেন্ট আলভারো ইউরিবের নেতৃত্বাধীন এ তদন্ত প্যানেল আগামী ১০ আগস্ট তদন্ত কাজ শুরু করবে।
এ তদন্ত প্যানেলকে একটি 'নজিরবিহীন অগ্রগতি' হিসেবে আখ্যায়িত করেছেন বান কি মুন।
এর আগে হামলার ঘটনার জাতিসংঘ তদন্তে অংশ নিতে অস্বীকার করে ইসরায়েল।
জাতিসংঘ মহাসচিব বান কি মুনের আন্তর্জাতিক তদন্তের প্রস্তাব প্রত্যাখান করে নিজস্ব তদন্ত শুরু করে ইসরায়েল।
আলাদাভাবে পরিচালিত ইসরায়েলের দুটি তদন্ত কমিটির পাওয়া তথ্যউপাত্ত খতিয়ে দেখতে পারবে জাতিসংঘ তদন্ত প্যানেল। সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রি পরিষদের ভোটে এ বিষয়টি অনুমোদিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২২৫৯ ঘ.
bdnews24