কাবুল, আগস্ট ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তান ছাড়ছে ডাচ সেনারা। জুনে নেদারল্যান্ডসে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে সেনা ফেরানোর সিদ্ধান্ত হয়েছে।
সেনা প্রত্যাহার শুরু হয়েছে রোববারেই। ন্যাটো পরিচালিত ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসটেন্স ফোর্স (আইএসএএফ) থেকে চলে যাওয়ার কোনো ঘোষণা না দিয়ে এবং অনাড়ম্বরভাবে এদিন আফগান মিশন শেষ করেছে ডাচ সেনারা।
তাদের এ প্রস্থানে যুদ্ধক্ষেত্রে তেমন প্রভাব না পড়লেও এতে আইএসএএফ- কিছুটা নাজুক হয়ে পড়বে।
ডাচ সেনারা আফগানিস্তানের সংঘাতপূর্ণ উরুজগান প্রদেশের কেন্দ্রীয় অঞ্চলের দায়িত্বে ছিল। তারা সে দায়িত্ব হস্তান্তর করেছে মার্কিন, অস্ট্রেলীয়, স্লোভাক ও সিংগাপুরের সেনাদের কাছে।
উল্লেখ্য, আইএসএএফ বাহিনীর আওতায় ১৯০০ জন ডাচ সেনা গত ৪ বছর আফগানিস্তানে মোতায়েন ছিল। দায়িত্ব পালনকালে প্রাণ হারায় ২৪ ডাচ সেনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২২৪৭ ঘ.
bdnews24