ইসলামাবাদ, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- সন্ত্রাস নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের বিরূপ মন্তব্যে সৃষ্ট বিরোধের মধ্যেও এ সপ্তাহে ব্রিটেন সফরে যাবেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।
ক্যামেরন গত বুধবার ভারত সফরকালে এক মন্তব্যে বলেন, পাকিস্তান সন্ত্রাস মোকাবেলায় যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না। তারা সন্ত্রাস ছড়াচ্ছে।
এর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পাকিস্তান জানায়, তারা ক্যামেরনের এ মন্তব্যে মর্মাহত।
শুধু তাই নয় ক্যামেরনের মন্তব্যের প্রতিবাদে সোমবার লন্ডনে অনুষ্ঠেয় সন্ত্রাস-বিরোধী বৈঠকে যোগ দেওয়ার পরিকল্পনা বাতিল করেন পাকিস্তানের গোয়েন্দা প্রধান। পাকিস্তানের ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স (আইএসআই) সংস্থার এক মুখপাত্র শনিবার একথা জানান।
পাকিস্তানের কিছু কর্মকর্তাও ক্যামেরনের মন্তব্যে ক্ষুব্ধ। বিরোধীদলীয় নেতা ও সাবেক পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, জারদারির ব্রিটেন সফর বাতিল করা উচিত।
পাকিস্তানের বন্যা কবলিত উত্তরপূর্বাঞ্চল পরিদর্শনকালে রোববার ক্যামেরনের মন্তব্যের প্রতিক্রিয়ায় নওয়াজ বলেন, "আমি মনে করি এটা ঠিক নয় এবং তা পাকিস্তানের জনগণের সেন্টিমেন্টের অপমান।"
বিক্ষুব্ধ জনতা ইতোমধ্যেই করাচিতে ক্যামেরনের কুশপুত্তলিকা দাহ করেছে। সে ছবি ব্রিটেনের টেলিভিশন ও পত্রিকায় ব্যাপকভাবে প্রচারিত হয়েছে।
এ পরিস্থিতির মধ্যেই সেখানে সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট জারদারি।
জারদারি তিনদিনের সফরে রোববার প্যারিসে গেছেন। সেখানে প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির সঙ্গে নিরাপত্তা ও অর্থনীতি নিয়ে বৈঠকের পর তিনি লন্ডনে যাবেন। ৩ থেকে ৭ আগস্ট পর্যন্ত ব্রিটেন সফর করবেন তিনি।
ব্রিটেনের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে শুক্রবার ক্যামেরনের সঙ্গে জারদারির সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।
তারপর শনিবার তিনি তার রাজনৈতিক সমর্থক ব্রিটেন প্রবাসী পাকিস্তানীদের সঙ্গে একটি র্যালীতে যোগ দেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২০৩০ ঘ.
bdnews24