২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ঐতিহ্যের তালিকায় শ্রীলঙ্কা ও হাওয়াইয়ের এলাকা

শ্রীলংকার পার্বত্য এলাকা এবং হাওয়াই দ্বীপপুঞ্জের সুরক্ষিত নৌ ঘাঁটি এলাকা (মেরিন সাইট) ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে। জাতিসংঘ কর্মকর্তারা শনিবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2010, 08:32 AM

Updated : 25 Aug 2022, 05:21 PM

ব্রাসিলিয়া, আগস্ট ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রীলংকার পার্বত্য এলাকা এবং হাওয়াই দ্বীপপুঞ্জের সুরক্ষিত নৌ ঘাঁটি এলাকা (মেরিন সাইট) ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে। জাতিসংঘ কর্মকর্তারা শনিবার একথা জানিয়েছেন। অকৃত্রিম বনভূমির জন্য শ্রীলংকার পার্বত্যাঞ্চল গুরুত্ব পেয়েছে। তাছাড়া চিতাবাঘ এবং অন্যান্য দুর্লভ প্রজাতির প্রাণী ও উদ্ভিদের জন্য শ্রীলঙ্কার এ পার্বত্যাঞ্চল বিখ্যাত। আর পাপাহানায়ুমোকুয়াকেয়া নামে পরিচিত হাওয়াই দ্বীপপুঞ্জের নৌ ঘাঁটি এলাকা (মেরিন সাইট) দুর্লভ প্রজাতির বিভিন্ন ধরনের মৎস্যভোজী সামুদ্রিক প্রাণী (সীল) ও দুর্লভ পাখির জন্য বিখ্যাত। 'ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অব ন্যাচার'র এক শীর্ষ উপদেষ্টা টিম বাডম্যান বলেন, "মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে বেশিরভাগ দ্বীপ থেকেই এ প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে গেছে।" ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য নির্বাচনের দায়িত্ব পালন করে বাডম্যানের উপদেষ্টা পরিষদ। এ পরিষদ বিভিন্ন স্থানে গিয়ে গবেষণা করে বিশ্ব ঐতিহ্য নির্বাচনের জন্য কমিটির কাছে সুপারিশ করে থাকে। ইউনেস্কো কমিটি ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় বৈঠক করছেন। অতিমাত্রায় দুষণ এবং পানির অভাবের কারণে ইউনেস্কো শুক্রবার ফ্লোরিডা দ্বীপপুঞ্জকে বিপজ্জনক বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এএইচ/১৪২৩ ঘ.