২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরাসরি আলোচনার সিদ্ধান্ত নেবেন আব্বাস: আরব লীগ

আরব লীগ বৃহস্পতিবার বলেছে, তারা সরাসরি ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনার পক্ষে। কিন্তু এ আলোচনার অনুকূল পরিবেশের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2010, 03:05 PM

Updated : 25 Aug 2022, 05:04 PM

কায়রো, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আরব লীগ বৃহস্পতিবার বলেছে, তারা সরাসরি ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনার পক্ষে। কিন্তু এ আলোচনার অনুকূল পরিবেশের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আরব লীগ সরাসরি শান্তি আলোচনা সমর্থন করবে কিনা এ প্রশ্নের জবাবে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ হামাদ বিন জসীম আল থানি বৃহস্পতিবার বলেন, "হ্যাঁ অবশ্যই, বোঝাপড়া হয়েছে, তবে তা হয়েছে আলোচনার নীতিমালা এবং সরাসরি আলোচনার পদ্ধতি নিয়ে।" তিনি বলেন, প্রেসিডেন্ট আব্বাসের শর্তগুলো পূরণ সাপেক্ষে আলোচনা কখন অনুষ্ঠিত হবে সে সিদ্ধান্ত নেওয়ার ভার তার ওপরই থাকছে। মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত জর্জ মিচেল মধ্যস্থতা করার মধ্য দিয়ে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দু'মাস ব্যাপী পরোক্ষো আলোচনা চালিয়ে আসছেন। সেপ্টেম্বরে এ আলোচনা শেষ হয়ে গেলে দু পক্ষের মধ্যে সরাসরি আলোচনা শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যেই বলেছেন, তিনি যত তাড়াতাড়ি সম্ভব সরাসরি শান্তি আলোচনা চান। কিন্তু আব্বাস বলছেন, কোনোরকম সরাসরি আলোচনার আগে তিনি পরোক্ষো আলোচনায় অগ্রগতি চান। বিশেষ করে নিরাপত্তা এবং ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের সীমানার বিষয়টিতে এ অগ্রগতি চান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৩১ ঘ.