ইস্তাম্বুল, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রোজার পর পরমাণু কর্মসূচি বিষয়ে বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় বসবে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুচেহর মোত্তাকি রোববার একথা জানান।
তিনি বলেন, তেহরান রোজার পর সেপ্টেম্বরের শুরুর দিকে জার্মানিসহ জাতিসংঘের ৫ স্থায়ী সদস্য- যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন ও ফ্রান্সের সঙ্গে আলোচনায় বসবে।
দীর্ঘদিন ধরে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা বন্ধ রয়েছে।
মোত্তাকি আরো জানান, ভিয়েনায় শীঘ্রই প্রস্তাবিত পরমাণু জ্বালানি বিনিময় বিষয়ক বিস্তারিত কৌশলগত আলোচনা শুরু হতে পারে।
সোমবার এ সংক্রান্ত একটি চিঠি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) কাছে পাঠানো হবে বলেও তিনি নিশ্চিত করেন।
এর আগে রোববার মোত্তাকি তুরস্ক ও ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন।
মে মাসে এই তিনটি দেশের মধ্যে পরীক্ষামূলক জ্বালানি বিনিময় চুক্তি হয়। এরপর এটাই ছিল তাদের মধ্যে প্রথম বৈঠক।
ইরানের বিরুদ্ধে জাতিসংঘ নতুন যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা রোধের লক্ষ্যে এ চুক্তি করা হলেও কার্যত তা ব্যর্থ হয়েছে।
পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইরান পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে।
কিন্তু ইরান বরাবরই জানিয়েছে, তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে বিদ্যুৎ উৎপাদনের জন্য এ কর্মসূচি চলাচ্ছে। আর অবরোধ-নিষেধাজ্ঞার মাধ্যমে এ থেকে তাদের বিরত রাখা যাবে না বলেও ঘোষণা দিয়েছে দেশটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/বিসিএস/সিআর/১৩৩৫ঘ.
bdnews24