ব্যাংকক , জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে উপনির্বাচনে ভোট গ্রহণ শেষের পর রোববার বোমা বিস্ফোরণে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
ব্যাংককে রক্তক্ষয়ী বিক্ষোভের মাত্র দু মাসের মাথায় এ হামলায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
থাইল্যান্ডের প্রধান বাণিজ্যিক এলাকা রাতচাদুমরি সড়কের একটি বাস কাউন্টারের ময়লার পাত্রে বোমাটি লুকিয়ে রাখা ছিল। কে বা কারা কি উদ্দেশ্যে বোমাটি পেতেছে সে সম্পর্কে কিছু জানা যায়নি।
সরকারের মুখপাত্র পানিতান ওয়াত্তানায়াগোর্ন বলেছেন, এ বিস্ফোরণের ঘটনাতেই এটি পরিস্কার যে সরকার কেনো বিভিন্ন জায়গায় জরুরি অবস্থা জারি করে রেখেছে। পরিস্থিতি পুরোপুরি নিরাপদ এবং শান্ত নয়।
বিস্ফোরণে অন্ততপক্ষে ১০ জন আহত হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, এপ্রিল মে মাসে সরকার বিরোধী বিক্ষোভের পর প্রথম এ উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার পর এ বিস্ফোরণ ঘটল।
যে জায়গায় বিস্ফোরণ ঘটেছে সে জায়গাটি সরকারবিরোধী বিক্ষোভের সময় লাল শার্টরা দখল করে রেখেছিল। পরবর্তীতে ১৯ মে সেনা দমনাভিযানের মধ্যে দিয়ে বিক্ষোভকারীদের কাছ থেকে স্থানটি পুনর্দখল করা হয়।
ব্যাংককের একটি আসনে পার্লামেন্টের এই বিশেষ নির্বাচনের ফলাফলের মাধ্যমে বোঝা যাবে আগামী বছর অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন আভিসিৎ ভেজ্জাজিভার দল কেমন করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৯৩৪ ঘ.
bdnews24