তেহরান, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরানের বাণিজ্যিক জাহাজ বা উড়োজাহাজে তল্লাশি চালানো হলে সঙ্গে সঙ্গে এর জবাব দেওয়া হবে। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ রোববরার একথা বলেছেন।
ইরানের পরমাণু কর্মসূচি রোধের লক্ষ্যে জাতিসংঘ ৯ জুন ইরানের জাহাজ ও অন্যান্য খাতে বাধানিষেধ আরোপ করেছে।
সর্বশেষ অবরোধের আওতায় ইরান থেকে আগত ও ইরানগামী যে কোন জাহাজে তল্লাশি চালানো যাবে।
বেতারে সরাসরি সম্প্রচারিত একটি ভাষণে আহমাদিনেজাদ বলেন, "ইরানের জাহাজ এবং উড়োজাহাজে তল্লাশি চালানোর মতো সিদ্ধান্ত যে-ইই নিক না কেন তার জানা থাকা উচিত যে তারা সঙ্গে সঙ্গেই এর পাল্টা জবাব পাবে।"
এ মাসের শুরুতে ইউরোপীয় ইউনিয়ন নিরাপত্তার স্বার্থে ইইউভুক্ত দেশগুলোতে ইরান এয়ার চালিত অনেক বিমান নিষিদ্ধ করেছে।
এছাড়া কিছু বিদেশি তেল কোম্পানি ইরানের বিমানগুলোকে জেট ফুয়েল দেওয়া বন্ধ করে দিয়েছে।
পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধে জাতিসংঘ ইরানের ওপর চতুর্থবারের মত অবরোধ আরোপ করে।
পশ্চিমাদের ধারণা ইরান বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে।
কিন্তু ইরান বলছে, বিদ্যুৎ উৎপাদনের জন্যই তারা পরমাণু কর্মসূচি পরিচালনা করছে এবং অবরোধে এর কোন পরিবর্তন হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭১১ ঘ.
bdnews24