২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ার যুদ্ধের হুমকি

পারমাণবিক ক্ষমতাধর উত্তর কোরিয়া শনিবার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে 'পবিত্র যুদ্ধের' হুমকি দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2010, 04:52 AM

Updated : 25 Aug 2022, 04:49 PM

সিউল, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পারমাণবিক ক্ষমতাধর উত্তর কোরিয়া শনিবার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে 'পবিত্র যুদ্ধের' হুমকি দিয়েছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার আসন্ন সামরিক মহড়াকে 'বেপরোয়া' আখ্যা দিয়ে 'প্রয়োজনে যে কোনো সময়ে' এই যুদ্ধ শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছে উত্তর কোরিয়া। তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, বাকযুদ্ধে তাদের কোনো আগ্রহ নেই। মার্চে উত্তর কোরিয়াই টর্পেডো দিয়ে দক্ষিণ কোরিয়ার যুদ্ধ জাহাজ 'চেওনান' ডুবিয়ে দিয়েছে বলে যে অভিযোগ তা আবারও প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়ার শক্তিশালী জাতীয় প্রতিরক্ষা কমিশন। এক বিবৃতিতে কমিশন জানায়, রোববার থেকে বড় পরিসরে শুরু হতে যাওয়া দুই দেশের যৌথ সামরিক মহড়ার জবাব বাধ্য হয়ে একই কায়দায় ফিরিয়ে দেবে তারা। বিবৃতিতে আরো জানানো হয়, "পারমাণবিক ক্ষমতার ভিত্তিতে উত্তর কোরিয়ার সেনাবাহিনী ও জনগণ প্রয়োজনে যে কোনো সময় তাদের নিজস্ব পন্থায় যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদ এবং দক্ষিণ কোরিয়ার পুতুল বাহিনীর বিরুদ্ধে 'পবিত্র যুদ্ধ' শুরু করবে।" যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াসহ পশ্চিমা অনেক রাষ্ট্রের বিশ্বাস 'চেওনান' ডুবিতে উত্তর কোরিয়াই দায়ী। তবে বরাবরই দেশটি এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। ওই জাহাজডুবিতে দক্ষিণ কোরিয়ার ৪৬ জন নাবিক প্রাণ হারান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৪৪ঘ.