হ্যানয়, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-----দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের আসন্ন সামরিক মহড়া শুক্রবার পেশীশক্তি দিয়ে মোকাবেলার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার এক কূটনীতিক বলেছেন, বৃহৎ পরিসরে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার পরিকল্পনা এবং নিষেধাজ্ঞা পেশীশক্তি দিয়ে মোকাবেলা করা হবে।
হ্যানয়ের সিকিউরিটি ফোরামে পিয়ংইয়ংয়ের প্রতিনিধি দলের সদস্য রি টং ইল সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের সব পদক্ষেপই পেশীশক্তি দিয়ে মোকাবেলা করা হবে।
যুক্তরাষ্ট্রের পরিকল্পিত সামরিক মহড়া উত্তর কোরিয়ার স্বার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিযোগ করেন তিনি।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার ২৫ জুলাইয়ের সামরিক মহড়ায় এবার প্রথমবারের মতো যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে জাপানের। জাপান এ মহড়ায় মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের ৪ কর্মকর্তাকে পাঠানোর পরিকল্পনা করেছে।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার আমন্ত্রণে জাপান এতে যোগ দিচ্ছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন শুক্রবার উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা কঠোরভাবে প্রয়োগের জন্য এশিয়ার প্রতি আহ্বান জানানোর পরপরই পিয়ংইয়ং এ হুমকি দিল।
হিলারি বলেন, পিয়ংইয়ংয়ের যুদ্ধোন্মুখ কার্যকলাপ স্পষ্টতই এ অঞ্চলের জন্য হুমকি।
হ্যানয়ে প্রশান্ত-মহাসাগরীয় অঞ্চলের সবচেয়ে বড় নিরাপত্তা সম্মেলনে তিনি এ কথা বলেন।
২৭ সদস্য বিশিষ্ট আসিয়ান আঞ্চলিক ফোরামে বক্তৃতাকালে হিলারি বলেন, "উত্তর কোরিয়াকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে শান্তি প্রতিষ্ঠা এবং পরমাণু উন্নয়ন কর্মসূচি বন্ধ করাতে এশিয়ার দেশগুলোকে অবশ্যই পিয়ংইয়ংয়ের ওপর নিষেধাজ্ঞা বলবৎ করতে হবে।"
এর আগে বুধবার হিলারি উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন।
ওয়াশিংটন ও সিউল উভয়ই মার্চে দক্ষিণ কোরীয় যুদ্ধজাহাজ ডুবির ব্যাপারে উত্তর কোরিয়াকে অভিযুক্ত করে আসছে।
উত্তর কোরিয়ার টর্পেডোর আঘাতেই দক্ষিণ কোরিয়ার ওই যুদ্ধ জাহাজডুবে ৪৬ জন নাবিক প্রাণ হারায় বলে আন্তর্জাতিক তদন্তেও অভিযোগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৪২৭ঘ.
bdnews24