২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবসরে যাচ্ছেন ডেসমন্ড টুটু

দক্ষিণ আফ্রিকার নোবেল শান্তি পুরস্কার বিজয়ী আর্চবিশপ ডেসমন্ড টুটু এ বছর অক্টোবরে অবসরে যাচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2010, 03:51 PM

Updated : 25 Aug 2022, 04:24 PM

জোহানেসবার্গ , জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ আফ্রিকার নোবেল শান্তি পুরস্কার বিজয়ী আর্চবিশপ ডেসমন্ড টুটু এ বছর অক্টোবরে অবসরে যাচ্ছেন। আগামী ৭ অক্টোবর তার ৭৯ তম জন্মদিন থেকেই তিনি অবসর নিতে চান। বৃহস্পতিবার কেপ টাউনে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন টুটু। জাতীয় টেলিভিশনে প্রচারিত এ সংবাদ সম্মেলনে টুটু বলেন, এবার থামার সময় হয়েছে। কারণ তিনি মনে করেন সময় চলে যাচ্ছে। ফলে পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানো উচিৎ। অবসর কাটানোর পরিকল্পনার কথা জানিয়ে টুটু বলেন, বিকালে স্ত্রীর সঙ্গে চা পান করে, পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়ে এবং ক্রিকেট ম্যাচ দেখে তিনি ভবিষ্যতের দিনগুলো অতিবাহিত করবেন। এ সময়টিতে টুটু তার পিস ফাউন্ডেশনের পাশে থাকলেও দক্ষিণ আফ্রিকায় বিশ্ববিদ্যালয়ের কাজ ছেড়ে দেবেন। গণহত্যা প্রতিরোধের জন্য কাজ করে যাওয়া জাতিসংঘ কমিশনে থাকবেন না তিনি। গণমাধ্যমে কোনো সাক্ষাৎকারও আর দেবেন না টুটু। মাত্র ২৭ বছর বয়সে নেলসন ম্যান্ডেলা কারাবন্দী থাকা অবস্থায় দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন আর্চবিশপ ডেসমন্ড টুটু। বর্ণবাদের বিরুদ্ধে তার অবস্থানের কারণে টুটু ১৯৮৪ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন এবং বিশ্বব্যাপী তার খ্যাতি ছড়িয়ে পড়ে। এর দুই বছর পর প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে কেপ টাউনের একটি চার্চের আর্চ বিশপের পদ লাভ করেন তিনি। ম্যান্ডেলা মুক্তি পাওয়ার পর ১৯৯৪ সালে টুটুকে ট্রুথ এন্ড রিকন্সিলিয়েশন কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ দেন। বর্ণবাদের সময় আফ্রিকায় সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো তদন্ত করতো এই ট্রুথ কমিশন। দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলাও ২০০৪ সালে এরকম অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২১৪৬ ঘ.