২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের মহড়া, নিষেধাজ্ঞার নিন্দায় উত্তর কোরিয়া

পিয়ংইয়ংয়ের ওপর নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া পরিকল্পনার নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2010, 12:50 PM

Updated : 25 Aug 2022, 04:25 PM

হ্যানয়, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পিয়ংইয়ংয়ের ওপর নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া পরিকল্পনার নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। মার্চে দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজ চেওনান ডুবিয়ে দেওয়ার অভিযোগের পর উত্তর কোরিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে উত্তর কোরিয়াকে ভবিষ্যতে ওই ধরনের হামলা চালানো থেকে নিবৃত্ত করতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আরো একাট্টা হয়ে যুক্তরাষ্ট্র সামরিক মহড়া চালানোর পরিকল্পনা করেছে। চলতি মাসেই যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বড় পরিসরে এ যৌথ সামরিক মহড়ার পরিকল্পনাকে এ অঞ্চলের জন্য গুরুতর হুমকি বলে বৃহস্পতিবার মন্তব্য করেছেন এক উত্তর কোরীয় কূটনীতিক। ওদিকে, মার্কিন নিষেধাজ্ঞাকে 'বৈরি' পদক্ষেপ বলেও এর নিন্দা করেছেন তিনি। এর পরিবর্তে ওয়াশিংটনকে বরং পরমাণু অস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা নতুন করে শুরু করার বিষয়টিতে মনোনিবেশ করার পরামর্শ দিয়েছেন তিনি। ভিয়েতনামে আঞ্চলিক নিরাপত্তা বৈঠক চলাকালে উত্তর কোরিয়ার প্রতিনিধি রি টং ইল ওই নিন্দা জানান। বেইজিং যৌথ সামরিক মহড়ার ব্যাপারে নিন্দা জ্ঞাপনের একদিন পরই উত্তর কোরিয়ার পক্ষ থেকে এ নিন্দা করা হলো। রি টং-ইল রয়টার্সকে বলেন, "যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া ২৫ জুলাই থেকে নৌ মহড়া শুরুর যে সিদ্ধান্ত নিয়েছে তা কেবল কোরীয় উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতার জন্য নয় বরং গোটা অঞ্চলের নিরাপত্তার জন্যই মারাত্মক হুমকি।" অন্যদিকে, মার্কিন নিষেধাজ্ঞা উত্তরের বিরুদ্ধে বৈরি নীতিই কেবল আরো ঘোরতর করবে বলে টং সতর্ক করে দেন। নিষেধাজ্ঞা আরোপের পরিবর্তে তিনি উত্তরের পরমাণু কর্মসূচি ও অন্যান্য বিষয় নিয়ে স্থবির হয়ে থাকা ছয়-জাতি আলোচনা শুরুর পরিবেশ সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানান। তবে সিউল ও ওয়াশিংটন ছয়-জাতি নিরস্ত্রীকরণ আলোচনায় ফেরার জন্য শর্ত জুড়ে দিয়ে বলেছে, এ আলোচনা শুরুর আগে উত্তর কোরিয়াকে চেওনান ডুবির ঘটনার দায় স্বীকার করতে হবে। উত্তর কোরিয়ার ছোড়া টর্পেডোর আঘাতেই চেওনান যুদ্ধ জাহাজ ডুবেছে বলে দক্ষিণ কোরিয়া ও আন্তর্জাতিক তদন্তে অভিযোগ করা হয়েছে। কিন্তু উত্তর কোরিয়া এ অভিযোগ অস্বীকার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/এলকিউ/১৪৪৫ঘ.