হ্যানয়, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চলতি মাসেই যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া বড় পরিসরে যৌথ সামরিক মহড়ার যে পরিকল্পনা নিয়েছে তা এ অঞ্চলের জন্য গুরুতর হুমকি বলে বৃহস্পতিবার মন্তব্য করেছেন এক উত্তর কোরীয় কূটনীতিক।
বেইজিং যৌথ সামরিক মহড়ার ব্যাপারে নিন্দা জ্ঞাপনের একদিন পরই উত্তর কোরিয়ার পক্ষ থেকে এ ধরনের মন্তব্য করা হলো।
উত্তর কোরিয়ার কর্মকর্তা রি টং-ইল রয়টার্সকে বলেন, "সামরিক মহড়ার সিদ্ধান্তটি এ অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।"
রি টং হ্যানয়ে আঞ্চলিক নিরাপত্তা ফোরামে পিয়ংইয়ংয়ের একজন সদস্য।
উত্তর কোরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে নিষেধাজ্ঞা আরোপের একদিন পর এ মন্তব্য করা হলো।
উত্তর কোরিয়ার নেতৃত্বের বিরোধিতার পাশাপাশি দক্ষিণ কোরিয়াকে আক্রমণের ব্যাপারে সতর্ক করে দেওয়ার উদ্দেশ্যে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র জানিয়েছে, উত্তর কোরিয়া যেন ভবিষ্যতে কোনো আক্রমণ না করে এ ব্যাপারে সাবধান করে দেওয়ার জন্য ২৫ জুলাই থেকে সামরিক মহড়া শুরু হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৪৪৫ঘ.
bdnews24