লন্ডন, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লকারবিতে বোমা হামলার ঘটনায় সাজাপ্রাপ্ত ব্যক্তিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্তের ক্ষেত্রে কোনো ধরনের ষড়যন্ত্র নেই বলে বুধবার স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার অ্যালেক্স স্যালমন্ড জানিয়েছেন।
তার মুক্তি নেপথ্যে ব্রিটিশ তেল কোম্পানি বিপির প্রভাব রয়েছে বলে যুক্তরাষ্ট্র প্রশ্ন তোলায় তিনি একথা বলেন।
বোমা হামলাকারী লিবিয়ার নাগরিক আবডেল বাসেত আল-মেগরাহিকে গত আগস্টে মুক্তি দেওয়া হয়।
১৯৮৮ সালে লকারবি শহরে প্যান এএম ফ্লাইট ১০৩ এ বোমা হামলার ঘটনায় ১৮৯ জন আমেরিকানসহ ২৭০ জন নিহত হয়।
বিবিসি রেডিও ফোর কে দেওয়া এক সাক্ষাৎকারে স্যালমন্ড বলেন, "সহানুভূতির দৃষ্টিকোণ থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিপির সঙ্গে আমাদের লিখিত বা মৌখিক কোনো চুক্তি ছিলনা বা তাদের কোনো প্ররোচনা কাজ করেনি।"
বৈদেশিক সম্পর্ক বিষয়ক মার্কিন সিনেট কমিটির কাছে পাঠানো এক চিঠিতেও তিনি বিপির সঙ্গে সম্পর্কের বিষয়টি অস্বীকার করেছেন।
প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত মেগরাহি আর কয়েক মাস বাঁচবে- এই ধারণার ভিত্তিতে গতবছরের আগস্টে স্কটল্যান্ড তাকে মুক্তি দেয়। এরপর ত্রিপলিতে তিনি বীরোচিত সংবর্ধনায় ফিরে গেছেন এবং এখনো বেঁচে আছেন।
মেক্সিকো উপসাগরে তেলকূপ বিস্ফোরণের ঘটনায় সমালোচনার মুখে পড়া বিপি জানিয়েছে, ২০০৭ সালের শেষের দিকে ব্রিটেন ও লিবিয়ার মধ্যে বন্দি বিনিময় চুক্তি করতে তারা ব্রিটিশ সরকারকে প্ররোচিত করেছিল। এ সংবাদে আরো ক্ষিপ্ত হয় মার্কিন সিনেটররা।
বিবিসি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সমালোচনা করে স্যালমন্ড বলেন, ২০০৭ সালে ব্যবসায়িক চুক্তি করার সময় ব্লেয়ার লিবিয়ার সঙ্গে বন্দি বিনিময় নিয়েও আলোচনা করেন।
স্যালমন্ডের এ মতের বিরোধিতা করে ব্লেয়ারের কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর পদ থেকে ব্লেয়ার সরে দাঁড়ানোর পর ২০০৯ সালে লিবিয়ার সঙ্গে বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত হয় এবং এর সঙ্গে মেগরাহির মুক্তির কোনো সম্পর্ক নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/বিসিএস/সিআর/১৩৫১ঘ.
bdnews24