কাঠমান্ডু, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- নেপালের পার্লামেন্ট বুধবার নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করতে ব্যর্থ হয়েছে। ফলে নেপালে শিগগিরই সংকট কেটে যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না।
বুধবার পার্লামেন্টে প্রধানমন্ত্রী পদের দুই প্রার্থীর কেউই প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠ ভোট পাননি। ২০০৯ সালের মে মাস পর্যন্ত ৮ মাস ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী ও মাওবাদী নেতা পুষ্প কমল দহল, ওরফে প্রচণ্ড পার্লামেন্টে উপস্থিত ৫৯২ জন সদস্যের মধ্যে ২৪২টি ভোট পেয়েছেন ।
১১৪ জন প্রচণ্ডের বিপক্ষে ভোট দিয়েছে। আর ভোটদানে বিরত ছিল ২৩৬ জন।
ওদিকে, আরেক প্রার্থী নেপালি কংগ্রেসের রাম চন্দ্র পৌদেল পেয়েছেন ১২৪ ভোট। কিন্তু নেপাল-২০০৭ অন্তর্বর্তী সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রী নির্বাচিত হতে হলে মনোনীত প্রার্থীদেরকে ৫৯৯ সদস্যের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ ৩০০ ভোট পেতে হয়।
কিন্তু প্রচণ্ড এবং পৌদেল দুজনই তা পেতে ব্যর্থ হওয়ায় তাদেরকে এখন ভোটদানে বিরত ২৩৬ সদস্যের সমর্থন আদায়ের চেষ্টায় নামতে হবে।
নেপালে ক্ষমতায় ফেরার চেষ্টায় থাকা মাওবাদীদের চাপের মুখে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল। এরপর প্রায় তিন সপ্তাহ ধরে কার্যকর সরকার বিহীন অবস্থায় আছে নেপাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২২৪৫ ঘ.
bdnews24