২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভবিষ্যৎ যুদ্ধে কম বেসামরিক মৃত্যু চায় ইসরায়েল

ভবিষ্যতে কোনো যুদ্ধে বেসামরিক নাগরিক হতাহতের সংখ্যা এবং সাদা ফসফরাসের ব্যবহার কমানোর পদক্ষেপ নিচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2010, 03:34 PM

Updated : 25 Aug 2022, 04:17 PM

জাতিসংঘ, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভবিষ্যতে কোনো যুদ্ধে বেসামরিক নাগরিক হতাহতের সংখ্যা এবং সাদা ফসফরাসের ব্যবহার কমানোর পদক্ষেপ নিচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী। গাজায় ২০০৮-০৯ সালের যুদ্ধ নিয়ে ইসরায়েলের নতুন একটি প্রতিবেদনে একথা বলা হয়েছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাঠানো ৩৭ পাতার এ প্রতিবেদন সোমবার জাতিসংঘ সাধারন পরিষদের প্রস্তাবনামাফিক মহাসচিব বান কি মুনের কার্যালয়ে পাঠানো হয়েছে। জাতিসংঘ কর্মকর্তারা একথা জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ভবিষ্যতে কোনো যুদ্ধে বেসামরিক নাগরিক হতাহতের সংখ্যা অনেক কমিয়ে আনা এবং জনগণের সম্পত্তির ক্ষয়ক্ষতি কমাতে 'ইসরায়েল ডিফেন্স ফোসের্স' (আইডিএফ) তাদের যুদ্ধের আদেশ এবং মতবাদে কার্যকর পরিবর্তন সাধন করেছে। এতে আরো বলা হয়, নগরযুদ্ধে বেসামরিক লোকজনের সুরক্ষা বাড়াতে আইডিএফ নতুন কতকগুলো পদ্ধতি অবলম্বন করেছে। যেমন: আইডিএফ কমান্ডারদের মিশনে বেসামরিক মানুষদের সুরক্ষাব্যবস্থাকে অপরিহার্য বিষয় হিসাবে আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। তাছাড়া, প্রতিটি যুদ্ধ ইউনিটে মানবিক ত্রাণ বিষয়ক কর্মকর্তা রাখারও পদক্ষেপ নেওয়া হয়েছে। ফিলিস্তিনি গেরিলা দল হামাস শাসিত গাজায় ২০০৮ সালের ডিসেম্বর থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত চালানো ইসরায়েলি হামলায় শত শত বেসামরিক নাগরিকসহ প্রায় ১৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছিল। অথচ ইসরায়েলি পক্ষে নিহত হয়েছিল মাত্র ১৩ জন। ফিলিস্তিন পক্ষ থেকে রকেট হামলা ঠেকানোর কথা বলে ইসরায়েল ওই হামলা চালায়। পরবর্তীতে দক্ষিণ আফ্রিকার রিচার্ড গোল্ডস্টোনের নেতৃত্বাধীন দল তাদের দেওয়া জাতিসংঘ প্রতিবেদনে ওই যুদ্ধে ইসরায়েল এবং হামাস উভয়ের বিরুদ্ধেই যুদ্ধপরাধের অভিযোগ আনে। তবে ইসরায়েলের বিরুদ্ধেই বেশি অভিযোগ করা হয় এতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২১২৪ ঘ.