বেইজিং, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---যুক্তরাষ্ট্রকে টপকে গত বছর সবচেয়ে বেশি জ্বালানি ব্যবহারকারী রাষ্ট্রের স্থানটি দখল করে নেওয়ার 'দ্য ফিন্যান্সিয়াল টাইমস' এর রিপোর্ট মঙ্গলবার অস্বীকার করেছে চীন।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)'র উদ্ধৃতি দিয়ে 'দ্য ফিনান্সিয়াল টাইমস' পত্রিকা সোমবার রিপোর্ট করে, চীন গত বছর ২ দশমিক ২৬৫ বিলিয়ন টন তেল ব্যবহার করেছে। যা কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস, হাইড্রো ও পারমাণবিক শক্তিসহ বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত জ্বালানির সমপরিমাণ।
জ্বালানির এ ব্যবহার যুক্তরাষ্ট্রের তুলনায় ৪ দশমিক ৪ শতাংশ বেশি বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
কিন্তু চীনের জাতীয় জ্বালানি প্রশাসনের মুখপাত্র ঝু সিয়ান মঙ্গলবার বলেছেন, আইইএ চীনের জ্বালানি ব্যবহারের মাত্রাতিরিক্ত হিসাব দিয়েছে। তবে তিনি এর পরিবর্তে অন্য কোনো হিসাব উল্লেখ করতে রাজি হননি।
তিনি বলেন, আইইএ'র হিসাবটিকে একটি রেফারেন্স হিসাবে ধরে নেওয়া গেলেও এটি খুব একটা বিশ্বাসযোগ্য নয়।
ঝু বলেন, " আমার ধারণা আইইএ চীনের পরিস্থিতি পুরোপুরি অনুধাবন করতে পারেনি। বিশেষত: চীন জ্বালানি সঞ্চয়, গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানো এবং নতুন নতুন জ্বালানির উৎস উন্নয়নের যে চেষ্টা চালিয়ে যাচ্ছে তা তারা বোঝেনি।"
ওদিকে, ফিন্যান্সিয়াল টাইমসের রিপোর্টে এও বলা হয়েছে যে, আইইএ জানিয়েছে তারা গত বছর চীনের জ্বালানি ব্যবহারের যে হিসাব দিয়েছে তা এখনো প্রাথমিক পর্যায়ের। তবে এ থেকে চীনের জ্বালানি ব্যবহারের ধারা পরিস্কার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এলকিউ/১০৫৭ঘ.
bdnews24