২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ. কোরিয়ার পাশে থাকবে যুক্তরাষ্ট্র : হিলারি

দক্ষিণ কোরিয়ার পাশে থাকার আশ্বাস দিয়েছেন সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2010, 08:34 AM

Updated : 25 Aug 2022, 04:21 PM

পান্নুমজম, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ কোরিয়ার পাশে থাকার আশ্বাস দিয়েছেন সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। বুধবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসকে নিয়ে দুই কোরিয়াকে বিভক্তকারী অসামরিক অঞ্চল (ডিএমজেড) পরিদর্শনে গিয়ে হিলারি এ কথা বলেন। হিলারি বলেন, "অন্য উপায়ও আছে, উত্তর কোরিয়াকে আমরা এ বার্তাটিই পাঠাতে থাকবো।" তিনি আরো বলেন, "তাদের মতের পরিবর্তন যতক্ষণ না ঘটবে, যুক্তরাষ্ট্র ততক্ষণ দক্ষিণ কোরিয়ার জনগণ ও সরকারের পক্ষে থাকবে।" উত্তর কোরিয়ার সঙ্গে চলমান অস্থিরতায় সিউলের প্রতি তাদের সমর্থন জানাতেই দুই মার্কিন প্রভাবশালী মন্ত্রির এই সফর। এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী গেটস ঘোষণা করেন যে, রোববার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে। যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে উত্তর কোরিয়া ও তার ঘনিষ্ট মিত্র চীন সমালোচনা করেছে। ৪ কিলোমিটার প্রশস্ত ও ২৪৫ কিলোমিটার দীর্ঘ দুই কোরিয়ার সীমান্তের দুইপাশে প্রায় ২০ লাখ সেনা মোতায়েন রয়েছে। ১৯৫০ থেকে ১৯৫৩ সালের কোরীয় যুদ্ধের সময় এ সীমানা দুই কোরিয়াকে বিভক্ত করেছে। ওই যুদ্ধের পর দুই কোরিয়ার মধ্যে এখনও আনুষ্ঠানিক কোনো শান্তি চুক্তি হয়নি। মার্চ মাসে দক্ষিণ কোরিয়ার যুদ্ধ জাহাজ 'চেওনান' ডুবির পর থেকে দু'দশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ওই জাহাজ ডুবির ঘটনায় দক্ষিণ কোরিয়ার ৪৬ জন নাবিক নিহত হয়। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা অনেক রাষ্ট্র মনে করে উত্তর কোরিয়াই টর্পেডো দিয়ে জাহাজটি ডুবিয়ে দিয়েছে। তবে উত্তর কোরিয়া বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে। এ মাসে জাতিসংঘে 'চেওনান' ডুবির ঘটনায় নিন্দা জানানো হলেও উত্তর কোরিয়াকে অভিযুক্ত করেনি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন জাহাজ ডুবির জন্য কখনোই উত্তর কোরিয়াকে দায়ী করেনি। ধারণা করা হয়, চীনের চাপেই জাতিসংঘ জাহাজডুবির ঘটনায় উত্তর কোরিয়ার সমালোচনা করেনি। চীন উত্তর কোরিয়ার ঘনিষ্ট মিত্র বলে পরিচিত। গত সপ্তাহে চেওনান ডুবির ঘটনায় মার্কিন নেতৃত্বাধীন জাতিসংঘ কমান্ডের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেছে উত্তর কোরিয়া। এ বিষয়ে দ্বিতীয় দফা বৈঠক হবে বলে দু'পক্ষই প্রত্যাশা করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪২৩ঘ.