কায়রো, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারকের স্বাস্থ্যের অবনতি বিষয়ে প্রকাশিত প্রতিবেদনকে মঙ্গলবার মিথ্যা বলে দাবি করেছে দেশটির তথ্যমন্ত্রী আনাস এল ফেকি।
রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, "প্রেসিডেন্টের স্বাস্থ্য ভালো আছে এবং জার্মানিতে পিত্তথলির অস্ত্রোপচারের পর চিকিৎসকরা তার স্বাস্থ্যের উন্নতির ব্যাপারে নিশ্চিত করেছেন।"
তিনি আরো বলেন, "অজ্ঞাতসূত্রের বরাত দিয়ে প্রেসিডেন্টের স্বাস্থ্য বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন মূলত গুজব ছাড়া কিছুই নয়।"
রোববার দ্য ওয়াশিংটন টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, অধিকাংশ পশ্চিমা গোয়েন্দা সংস্থা মনে করছে, মুবারক (৮২) পাকস্থলী ও অগ্ন্যাশয়ের ক্যান্সারে ভুগছেন।
ইউরোপীয় গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তার বরাত দিয়ে এতে আরো বলা হয়, প্রেসিডেন্ট আর মাত্র এক বছরেরও কম সময় বাঁচতে পারেন।
এর আগে গত সপ্তাহে লেবাননের আস-সাফির সংবাদপত্রে প্রকাশিত অপর একটি সংবাদও প্রত্যাখ্যান করেছে মিশর। এতে বলা হয়, চিকিৎসার জন্য মুবারক বিদেশে যাবেন।
এদিকে গত মার্চে জার্মানির হেইডেলবার্গ বিশ্ববিদ্যালয় হাসপাতালে অস্ত্রোপচারের পর মুবারক সফররত কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময়সূচি মেনে চলছেন।
রোববার ফিলিস্তিন ও ইসরায়েলি নেতা ও অন্যান্য কর্মকর্তারা তার সঙ্গে সাক্ষাত করেছেন।
মঙ্গলবার মিশরের পুলিশ একাডেমির এক অনুষ্ঠানেও যোগ দেন তিনি।
তথ্যমন্ত্রী আরো জানান, বুধবার তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুলের সঙ্গে মুবারক সাক্ষাত করবেন ও দেশটির জাতীয় দিবস উপলক্ষ্যে ভাষণ দেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩৫২ঘ.
bdnews24