২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসন্ন কাবুল সম্মেলনে স্বনির্ভর নেতৃত্বের আভাস

আসন্ন কাবুল সম্মেলনে পশ্চিমা নির্ভরশীলতা কাটিয়ে উঠে স্বনির্ভরভাবে দেশ পরিচালনার নতুন প্রক্রিয়া শুরুর চেষ্টা নেওয়ার আভাস দিয়েছে আফগানিস্তান সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2010, 04:02 PM

Updated : 25 Aug 2022, 04:08 PM

কাবুল, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আসন্ন কাবুল সম্মেলনে পশ্চিমা নির্ভরশীলতা কাটিয়ে উঠে স্বনির্ভরভাবে দেশ পরিচালনার নতুন প্রক্রিয়া শুরুর চেষ্টা নেওয়ার আভাস দিয়েছে আফগানিস্তান সরকার। মঙ্গলবার অনুষ্ঠেয় এ সম্মেলনে প্রাধান্য পাবে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের ভবিষ্যৎ শান্তি ও উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি পূর্ব প্রতিশ্র"তি পূরণে কাজ করে যাওয়ার বিষয়টি। সম্মেলনে বিলিয়ন বিলিয়ন ডলারের উন্নয়ন তহবিলের ওপর আরো বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথ খুঁজবে সরকার। এর বিনিময়ে নিরাপত্তাভার আরো বেশি নিজেদের কাঁধে নেওয়া এবং আরো অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের দায়িত্ব নেওয়ার প্রতিশ্র"তি দেবে তারা। তালেবান বিদ্রোহীদের সন্ত্রাসের পথ পরিহারে প্রলুব্ধ করা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য আফগান সরকার পরিকল্পিত বিভিন্ন কর্মসূচিতে ১৩ বিলিয়ন ডলারের আন্তর্জাতিক তহবিল ব্যয়ে আরো বেশি কর্তৃত্বের আবেদন জানাবেন প্রেসিডেন্ট হামিদ কারজাই। সম্মেলনের আয়োজক ও সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী আশরাফ ঘানি এএফপি'র সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, সম্মেলনের দুটো মূল লক্ষ্য আছে। প্রথমত,আফগানিস্তানের রাজনৈতিক সদিচ্ছা এবং একটি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা তুলে ধরা। দ্বিতীয়ত: স্থিতিশীল, নিরাপদ ও গণতান্ত্রিক আফগানিস্তান গঠনের লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সাহায্যের বিষয়টি নতুন প্রক্রিয়ায় ঢেলে সাজানো। সম্মেলনে কারজাই আফগান পুলিশ ও সেনাবাহিনীর হাতে নিরাপত্তার দায়িত্ব হস্তান্তরের সময়সীমা উল্লেখ করবেন এবং এতে করে ২০১৪ সালের মধ্যে বিদেশি সেনাদের আফগানিস্তান ছাড়ার পথ প্রশস্ত হবে বলে মনে করা হচ্ছে। পশ্চিমা এক কূটনীতিক একথা বলেছেন। ওদিকে, আফগান কর্মকর্তারা সম্মেলনে দেশের শাসনব্যবস্থার উন্নতি করা, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন বাস্তবায়ন করা, আইনের শাসন প্রতিষ্ঠা, সাহায্য আরো কার্যকরভাবে কাজে লাগানো এবং শান্তি প্রতিষ্ঠার চেষ্টা সম্পর্কিত নানা প্রস্তাব পেশ করবেন। আফগানিস্তান একটি উচ্চাভিলাষী পরিকল্পনা হাতে নিয়েছে যা মঙ্গলবার কাবুল সম্মেলনে ঘোষণা দেওয়া হবে। অর্থনৈতিক উন্নয়ন এবং বিদ্রোহীদের সহিংসতা থেকে ফিরিয়ে আনতে প্রেসিডেন্ট হামিদ কারজাই ১৩ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক সাহায্য ব্যয় করবেন বলে ঘোষণা দেবেন। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই ও জাতিসংঘ মহাসচিব বান কি মুন সম্মেলনের সভাপতিত্ব করবেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের নেতৃত্বে ৪০ জন পররাষ্ট্রমন্ত্রীসহ ৭০ জন আন্তর্জাতিক প্রতিনিধি সম্মেলনে অংশ নেবেন। সম্মেলন উপলক্ষে সোম ও মঙ্গলবার দুদিনের ছুটি ঘোষণা করেছে আফগান সরকার। সম্মেলনের নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর হাজার হাজার সদস্য। বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/বসিএস/এলকিউ/২১৫৫ ঘ.