বাগদাদ, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকে দুটি আত্মঘাতী বোমা হামলায় রোববার ৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।
বাগদাদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকণ্ঠে প্রথম হামলায় কমপক্ষে ৩৯ জন নিহত এবং ৪১ জন আহত হয়। ইরাকের কয়েকটি নিরাপত্তা সূত্র একথা জানিয়েছে।
দ্বিতীয় হামলাটি হয়েছে ইরাকের পশ্চিমাঞ্চলে স্থানীয় সুন্নি মিলিশিয়া নেতাদের একটি বৈঠকে। এতে ৪ জন নিহত এবং ৬ জন আহত হয়েছে।
আনবার প্রদেশের পুলিশ একথা জানিয়েছে।
ইরাকে মার্চ মাসের নির্বাচনের পর চলমান রাজনৈতিক অচলাবস্থার মধ্যে সুন্নি জেলা রাদোয়ানিয়ার সামরিক ঘাঁটির বাইরে এবং আনবার প্রদেশের কাইমে এ হামলা হল।
জোট সরকার গঠন নিয়ে সুন্নি, শিয়া ও কুর্দি দলগুলোর ব্যর্থতায় সৃষ্ট রাজনৈতিক শূণ্যতাকে কাজে লাগানোর চেষ্টায় আছে আল-কায়েদা সংশ্লিষ্ট সুন্নি বিদ্রোহীরা।
রোববারের হামলাটি হয়েছে আল-কায়েদা বিরোধীদের ওপর। আত্মঘাতী হামলাকারী শাহওয়া মিলিশিয়ার ওপর হামলা চালায়। ২০০৬/০৭ সাল থেকে শাহওয়া যোদ্ধারা আর-কায়েদা বিরোধী লড়াইয়ে নামে।
প্রথম হামলায় বেঁচে যাওয়া ২০ বছর বয়সী তায়সীর মেহসেন মাহমুদিয়া হাসপাতালে জানান, সেনা ক্যাম্পের সামনে আমরা ৮৫ জনের বেশি মানুষ তিনটি লাইনে দাঁড়িয়ে ছিলাম। এ সময় একজন লোক আমাদের দিকে আসতে চাইলে একজন সেনা তাকে বাধা দেওয়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে।
"আমি জ্ঞান হারিয়ে ফেলি এবং জেগে দেখি আমি হাসপাতালের বিছানায়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬৪৯ ঘ.
bdnews24