২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দারফুরে সম্প্রতি তিনশ' বিদ্রোহী ও ৭৫ সেনা নিহত

সুদানের সেনাবাহিনী বলেছে, দারফুর অঞ্চলের জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি মুভমেন্ট (জেইএম) বিদ্রোহীদের সঙ্গে তাদের সাম্প্রতিক সহিংসতায় তিনশ'র বেশি বিদ্রোহী ও ৭৫ জন সেনা নিহত হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম শনিবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2010, 03:54 PM

Updated : 25 Aug 2022, 02:01 PM

খার্তুম, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সুদানের সেনাবাহিনী বলেছে, দারফুর অঞ্চলের জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি মুভমেন্ট (জেইএম) বিদ্রোহীদের সঙ্গে তাদের সাম্প্রতিক সহিংসতায় তিনশ'র বেশি বিদ্রোহী ও ৭৫ জন সেনা নিহত হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম শনিবার একথা জানিয়েছে। এ সপ্তাহে জেইএম বিদ্রোহীদের সঙ্গে সুদানের সেনাবাহিনীর দুই থেকে তিনবার সংঘর্ষ হয়েছে বলে শান্তিরক্ষী বাহিনী নিশ্চিত করেছে। মে মাসের শুরুর দিকে বিদ্রোহীরা শান্তি আলোচনা বর্জন করার পর থেকে দারফুরে এ ধরনের সহিংসতা বেড়ে গেছে। জেইএম'র পক্ষ থেকে মন্তব্য করার জন্য তাৎক্ষণিকভাবে কাউকে পাওয়া যায়নি। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সুনাকে জেনারেল আল-তায়েব আল-মুসবাহ ওসমান বলেছেন, সেনাবাহিনী জেইএম বিদ্রোহীদের অনেকগুলো পরিবহন ধ্বংস করেছে। তাছাড়া বিদ্রোহীদের দখল করা তেলবাহী গাড়িগুলোও উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। ২০০৩ সাল থেকে শুরু হওয়া দারফুর শান্তি আলোচনা যুদ্ধ বন্ধে তেমন কিছুই করতে পারেনি। অধিকতর স্বায়ত্ত্বশাসনের দাবিতে অনাআরব বিদ্রোহীরা হাতে অস্ত্র তুলে নেওয়ার পর সেখানে শান্তি আলোচনা শুরু হয়। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল-বশিরের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে প্রেপ্তারি পরোয়ানা জারি করার পর থেকে দারফুরে উত্তেজনা আরো বেড়েছে। দারফুরে বিদ্রোহ দমনে সেনাবাহিনী ও সরকার পক্ষের সশস্ত্ররা গণহত্যা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। সে অভিযোগের প্রেক্ষিতে প্রেসিডেন্ট ওমর আল-বশিরের বিরুদ্ধে গত বছর গণহত্যার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। সুদান সে অভিযোগ প্রত্যাখান করে বলেছে, পশ্চিমা সংবাদ মাধ্যম সহিংসতাকে অতিরঞ্জিত করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এএইচ/২১৪১ ঘ.