পারাচিনার, পাকিস্তান, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগান সীমান্তবর্তী পাকিস্তানের আদিবাসী অঞ্চলে শনিবার সন্দেহভাজন জঙ্গিদের চোরাগোপ্তা হামলায় দুই নারীসহ ১৮ জন নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীসূত্রে এ খবর জানা গেছে।
আফগান সীমান্তবর্তী পারাচিনার থেকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দিকে সাধারণ মানুষ বহনকারী কয়েকটি গাড়ি নিরাপত্তা বহরের তত্ত্বাবধানে যাচ্ছিল।
পারাচিনার পশতু নিয়ন্ত্রিত খুররম অঞ্চলের প্রধান শহর। গত কয়েকমাসে এ অঞ্চলে সেনা অভিযানে কমপক্ষে ১০০ জঙ্গি নিহত হয়েছে।
হামলায় আহত জামশেদ তোরি জানান, "চারখায়েল গ্রামের কাছে বহরের শেষ দুটি গাড়িতে হঠাৎ করেই জঙ্গিরা স্বয়ংক্রিয় অস্ত্রসহ হামলা চালিয়ে ১৮ জনকে হত্যা করে।"
আদিবাসী নেতা মুসরাত বাঙ্গাস মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন।
গত সপ্তায় ওই অঞ্চলে একটি যাত্রীবাহী বাসে প্রায় একই ধরনের হামলায় ১১ জন নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৫২৫ঘ.
bdnews24