সিউল, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজ চেওনান কভেট্টি ডুবি নিয়ে বৃহস্পতি উত্তর কোরীয় কর্তৃপক্ষের সঙ্গে জাতিসংঘ কমান্ড কর্মকর্তারা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক করেছেন। কর্মকর্তারা একথা জানিয়েছেন।
চেওনান ডুবি নিয়ে সৃষ্ট উত্তেজনায় উত্তর কোরিয়া দক্ষিণের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিলেও বৃহস্পতিবারের বৈঠকে তারা এ সমস্যা সমাধানে আরো আলোচনা চালিয়ে যেতে রাজি হয়েছে।
উত্তর কোরিয়ার পাঁচ কর্মকর্তার সঙ্গে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জাতিসংঘ কমান্ডের ১১ কর্মকর্তা এ বৈঠকে যোগ দেন।
বৈঠকে অংশ নেওয়া জাতিসংঘ কমান্ডের এক কর্মকর্তা বলেন, "বৈঠকের পরিবেশ ছিলো খুবই সৌহার্দ্যপূর্ণ।"
বন্ধুত্বপূর্ণ পরিবেশের সে বৈঠকে বেশ কয়েকবার হাসাহাসি হয়েছে বলেও তিনি জানান।
তিনি বলেন, উত্তর ও দক্ষিণ কোরিয়ার জেনারেলদের মধ্যকার বৈঠক নিয়ে সেখানে আলোচনা হয়েছে। তবে এখনো সে বৈঠকের দিন তারিখ ঠিক হয়নি বলে তিনি জানান।
জাতিসংঘ কমান্ডের অন্য এক কর্মকর্তা বলেন, দক্ষিণ কোরিয়া বা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উত্তর কোরিয়ার কর্মকর্তারা কোনো ধরনের আক্রমণ না করায় বৈঠকে কোনো হৈ চৈ বা বিরোধপূর্ণ বিতর্ক হয়নি।
গত মার্চে দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজ চেওনান কভেট্টি ডুবে ৪৬ নাবিক নিহত হয়।
দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও সুইডেনের সামরিক বেসামরিক কর্মকর্তাদের একটি তদন্ত দল চেওনান ডুবির ঘটনায় উত্তর কোরিয়াকে দায়ী করে। তদন্তকারীরা বলে, উত্তর কোরিয়ার ছোড়া টর্পেডোর আঘাতে চেওনান ডুবেছে।
উত্তর কোরিয়া এ অভিযোগ অস্বীকার করে। তাছাড়া, রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির জন্য তারা এ অভিযোগ করছে দাবি করে উত্তর কোরিয়া দক্ষিণের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের হুঁশিয়ারিও দেয়।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গত সপ্তাহে এ হামলার নিন্দা জানায়। তবে হামলার জন্য তারা সরাসরি উত্তর কোরিয়াকে দায়ী করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২১৫৬ ঘ.
bdnews24