মস্কো, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্ষমতা গ্রহণের দুই বছরেও দুর্নীতি দমনে সরকারের কোনো অগ্রগতি নেই বলে বুধবার জানালেন রাশিয়ায় প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।
বরাবরই দুর্নীতিকে রাশিয়ার সবচেয়ে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করে ২০০৮ সালে ক্ষমতা গ্রহণের পরপরই এর বিরুদ্ধে আইন প্রণয়ন করেন মেদভেদেভ।
নভেম্বরে বার্লিন-ভিত্তিক বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত দুর্নীতির সূচকে ১৮০ টি দেশের মধ্যে রাশিয়া ১৪৬ তম।
সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ায় বছরে প্রায় ৩০০ বিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেওয়া-নেওয়া হয়।
আইনপ্রণেতা ও কর্মকর্তাদের একটি সভায় মেদভেদেভ বলেন, "দুর্নীতি দমনে আমাদের গৃহীত পদক্ষেপে কেউ সন্তুষ্ট নয়। আমি জানি এতে কোনো উল্লেখযোগ্য সফলতা আসেনি।"
তিনি আরো বলেন, "দুর্নীতি দমনে গৃহীত পদক্ষেপগুলো শুধু কাগজে কলমেই সীমাবদ্ধ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৩০১ঘ.
bdnews24