বেইজিং/ম্যানিলা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারী বর্ষণ ও দমকা হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে পূর্ব এশিয়া। ভারী বর্ষণের কারণে গত কয়েক বছরের মধ্যে ভয়াবহ বন্যার কবলে পড়েছে এ অঞ্চলটি।
ফিলিপাইনে মঙ্গলবার রাতে রাজধানী ম্যানিলাসহ আশেপাশের প্রদেশগুলোতে ঘূর্ণিঝড় কনসনে ২৩ জনের প্রাণহানি হয়েছে এবং নিঁখোজ হয়েছে আরো অনেকে।
ফিলিপাইনকে লন্ডভন্ড করে দক্ষিণ চীন সাগরে ধেয়ে গেছে কনসন। সেখানে বন্যার কারণে ইতোমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে।
ওদিকে, জাপানে ঝড়ের পূর্বাভাসের মুখে কর্তৃপক্ষ হাজার হাজার লোককে তাদের বাড়ি-ঘর থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে বাধ্য হচ্ছে।
মঙ্গলবার ঘূর্ণিঝড়বিধ্বস্ত ম্যানিলাসহ বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকাগুলোতে আবারো বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে।
মৌসুমী ঝড়ের কারণে টাইফুনের গতি অনেকটা হালকা হয়ে গেছে। কিন্তু ফিলিপাইনের আবহাওয়া ব্যুরো জানায়, টাইফুন আবারো শক্তিশালী হয়ে উঠতে পারে।
কারণ টাইফুন চীনের দক্ষিণাঞ্চল এবং ভিয়েতনামের উত্তরাঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে যা এখন দক্ষিণ চীন সাগরে ঘূর্ণায়মান।
মৌসুমী ঝড় ঝুঁকি বিষয়ক ওয়েবসাইট জানায়, শুক্রবার বেলা শেষে কনসন চীনের দক্ষিণাঞ্চলে আঘাত হানতে পারে।
চীনের সিনহুয়া সংবাদ সংস্থা জানায়, গুয়াংডন এবং গুয়াংজি প্রদেশে আঘাত হানার আগে ঘূর্ণিঝড়টি হেইনান দ্বীপের দক্ষিণাঞ্চলীয় পর্যটন নগরী সানিয়ায় আঘাত হানতে পারে।
জাপানের কিয়োডো সংবাদ সংস্থা জানায়, জাপানের আবহাওয়া অফিস বৃহস্পতিবার দেশের পশ্চিম ও পূর্বাঞ্চলে ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়ায় স্থানীয় সরকারগুলো প্রায় ৩ লাখ লোককে তাদের বাড়ি-ঘর থেকে সরিয়ে নেওয়ার সুপারিশ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭০৩ ঘ.
bdnews24