জেরুজালেম, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ত্রাণ নিয়ে গাজার উদ্দেশে যাত্রা করা লিবীয় জাহাজটি ইসরায়েলের হুমকির মুখে বুধবার গতিপথ পরিবর্তন করে মিশরের আল আরিশ বন্দরের দিকে যেতে শুরু করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তা একথা জানিয়েছেন।
তিনি "বলেন, মালদোভার পতাকাবাহী জাহাজ আমালথিয়া মিশরের আল আরিশের দিকে যাচ্ছে।"
মেরিন ট্রাফিক ডটকম এর স্যাটেলাইট-পরিচালিত শিপিং ম্যাপ এ দেখা গেছে, আমালথিয়া দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রুটে আল আরিশের দিকে এগুচ্ছে। এটি বন্দর থেকে ৩৫ মাইল দূরে রয়েছে এবং ১৪০০ জিএমটিতে সেখানে পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে।
ইসরায়েল এর আগে আমালথিয়াকে গাজায় পৌঁছানোয় বাধা দিতে মঙ্গলবার মধ্যরাতের মধ্যে গতিপথ পরিবর্তন করে মিশর বন্দরের পথে যাওয়ার আল্টিমেটাম দেয়। অন্যথায় জাহাজটিকে বাধা দিয়ে ইসরায়েলের আসদোদ বন্দরে নিয়ে যাওয়া হবে বলেও হুমকি দেয় তারা।
এরপরই জাহাজটি মিশরের দিকে যাওয়ার কথা জানাল ইসরায়েল।
আমালথিয়া শনিবার গ্রিস বন্দর থেকে ছেড়ে এসেছে। গাজার জন্য ২ হাজার টন খাবার ও ওষুধ নিয়ে যাচ্ছে এটি।
ত্রিপোলি ভিত্তিক মানবিক সাহায্য সংস্থা 'গাদ্দাফি ইন্টারন্যাশনাল চ্যারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন', এর ১২ জন নাবিক ছাড়াও নৌ বহরে মোয়াম্মার গাদ্দাফির দ্বিতীয় পুত্র সাইফ আল-ইসলাম সহ ৯ জন ত্রাণকর্মী রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর/বিবি/এলকিউ/১৮২৬ ঘ.
bdnews24