২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কনসনের আঘাতে বিপর্যস্ত ম্যানিলা

ঘূর্ণিঝড় কনসনের আঘাতে ফিলিপাইনের রাজধানী ম্যানিলাসহ ও আশেপাশের প্রদেশগুলো বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2010, 08:32 AM

Updated : 25 Aug 2022, 01:54 PM

ম্যানিলা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ঘূর্ণিঝড় কনসনের আঘাতে ফিলিপাইনের রাজধানী ম্যানিলাসহ ও আশেপাশের প্রদেশগুলো বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এক নম্বর ক্যাটাগরির ঘূর্ণিঝড় কনসন ঘণ্টায় ৫৫ থেকে ৭৩ মাইল বেগে বুধবার দেশটির প্রধান দ্বীপ লুজন থেকে শুরু করে দক্ষিণ চীন সাগর পর্যন্ত আঘাত হানে। সারারাত আঘাত হানার পর কনসন খানিক দুর্বল হয়ে চীনের দক্ষিণাঞ্চলের দিকে সরে যেতে শুরু করে। স্থানীয় কর্মকর্তারা জানান, রাজধানী ম্যানিলার দক্ষিণাঞ্চলে কেভিট প্রদেশে একটি ঘরের ওপর গাছ ভেঙ্গে পড়লে দুজন নিহত হন। সোলেন নদীতে ডুবে একটি শিশুর মৃত্যুর খবরও নিশ্চিত করেছেন কর্মকর্তারা। একজন সেনা মুখপাত্র জানান, কেন্দ্রীয় কেটানডুয়ান্স দ্বীপের কাছাকাছি মাছ ধরার চারটি নৌকা ডুবে গেলে ১৯ জন জেলে নিখোঁজ হন। আশঙ্কা করা হচ্ছে তারা বেঁচে নেই। তিনি আরো জানান, ফেরি পারাপার বন্ধ রাখায় স্থানীয় বন্দরগুলোতে প্রায় ৪ হাজার যাত্রী আটকা পড়েছেন। ম্যানিলা ও আশেপাশের প্রদেশগুলোতে ঝড়ে অনেক গাছ ভেঙ্গে পড়েছে। রাস্তায় আবর্জনা জমা হয়ে আছে। এছাড়া বন্যার কারণে শত শত পরিবার সাময়িক ভাবে অন্যত্র আশ্রয় নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৪২৯ঘ.