২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিকানদের প্রতি ওবামার হুঁশিয়ারি

উগান্ডায় আল শেবাব বোমা হামলা চালানোর পর আফ্রিকানদের সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2010, 04:56 AM

Updated : 25 Aug 2022, 01:55 PM

ওয়াশিংটন, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- উগান্ডায় আল শেবাব বোমা হামলা চালানোর পর আফ্রিকানদের সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার সাউথ আফ্রিকান ব্রডকাস্টিং কর্পোরেশনকে (এসএবিসি) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ওবামা বলেন, শেবাব ও আল কায়েদার মতো সংগঠনগুলো আফ্রিকাকে এমন একটি স্থান হিসেবে বিবেচনা করে যেখানে জীবনের মূল্য খুব কম এবং ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে নিরীহ মানুষ হত্যা করা সম্ভব। উগান্ডার রাজধানী কামপালায় রোববার বিশ্বকাপ ফুটবলের স্পেন-হল্যান্ডের মধ্যে ফাইনাল খেলা দেখার সময় পৃথক দুটি বোমা হামলা চালানো হয়। অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয় অপর একটি বোমা বাধা বেল্ট। এতে ৭৬ জন নিহত হয়েছেন। নিহতদের একজন যুক্তরাষ্ট্রের নাগরিক। এ হামলার দায় স্বীকার করেছে সোমালিয়া ভিত্তিক আল কায়েদা অনুসারী ইসলামপন্থী জঙ্গি সংগঠন শেবাব। ওবামা আরো বলেন, "এসব সন্ত্রাসী সংগঠনগুলোর দেওয়া বিবৃতিতে আমরা দেখেছি, তারা আফ্রিকার জনগণের জীবনকে মূল্যবান মনে করেনা।" "তারা এটাকে এমন একটি সম্ভাব্য স্থান হিসেবে দেখে যেখানে আপনি স্বল্পমেয়াদী উদ্দেশ্য সাধনের জন্য দীর্ঘমেয়াদী ফলাফল বিবেচনা না করেই আদর্শের নামে নিরীহ মানুষ হত্যা করে লড়াই চালাতে পারেন।" কামপালায় বোমা হামলার পর প্রথমবারের মতো সরাসরি কোনো মন্তব্য করলেন। যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, এ মহাদেশে আল কায়েদার সহযোগীদের উদ্দেশ্যে ওবামা সরাসরি একটি রাজনৈতিক চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন, যেখানে জঙ্গি গোষ্ঠীগুলো সম্পূর্ণ সক্রিয় অবস্থায় রয়েছে বলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা মনে করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১০৪৭ঘ.