ত্রিপোলি, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)--- গাজা অভিমুখী লিবীয় ত্রাণজাহাজকে গতিমুখ পরিবর্তনের জন্য মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে ইসরায়েল।
জাহাজটিতে এক বেতার বার্তায় ইসরায়েল এ আল্টিমেটাম দিয়েছে। জাহাজ থেকে ত্রাণমিশনের সদস্য মাশাল্লাহ জিওয়েই একথা জানিয়েছেন।
মানবিক সাহায্য সংস্থা 'গাদ্দাফি ফাউন্ডেশন' এর সদস্য জিওয়েই স্যাটেলাইট টেলিফোনে এএফপি'কে বলেন, "জাহাজের গতিমুখ পরিবর্তন করে মিশরের আল-আরিশ নৌবন্দরের দিকে যাওয়ার জন্য ইসরায়েলি কর্তৃপক্ষ আমাদেরকে মধ্যরাত পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। নাহলে ইসরায়েলের নৌবাহিনী জাহাজটিকে বাধা দেবে বলে হুমকি দিয়েছে তারা।"
তিনি জানান, এ ব্যাপারে কোনো সাড়া দেওয়ার আগে অনুরোধটি বিচার-বিবেচনা করে দেখা হবে বলে ইসরায়েলকে জানানো হয়েছে।
ওদিকে, ইসরায়েলের সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, তারা ত্রাণজাহাজটিকে প্রতিহত করার প্রস্তুতি শুরু করেছেন।
মে মাসে গাজা অভিমুখে তুরস্কের ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি কমান্ডো অভিযানে ৯ ত্রাণকর্মী নিহতের ঘটনার ছয়সপ্তাহ পর গাজায় নৌঅবরোধ অক্ষুন্ন রাখার সর্বশেষ এ চেষ্টা শুরু করেছে ইসরায়েল।
মাশাল্লাহ জিওয়েই এর আগে জানান, "ইসরায়েল আমাদের সঙ্গে যোগাযোগ করে হুমকি দিয়ে বলেছে, আমরা জাহাজের গতিমুখ পরিবর্তন না করলে তারা আমাদের জাহাজকে বাধা দিয়ে আসদোদ (ইসরায়েলি) বন্দরের দিকে যেতে বাধ্য করবে।"
তিনি আরো জানান, "আমরা ইসরায়েল কর্তৃপক্ষকে বলেছি, আমাদের আসল গন্তব্য হচ্ছে গাজা। আর আমরা কোনো উস্কানি দিতে এখানে আসিনি।"
ত্রাণসামগ্রীবাহী এ লিবীয় জাহাজটি বুধবার সকাল নাগাদ গাজার জলসীমায় পৌঁছবে বলে মনে করা হচ্ছে। আমালথিয়া নামের এ জাহাজটি শনিবার গ্রিস বন্দর থেকে ছেড়ে এসেছে।
গাজার জন্য ২ হাজার টন খাবার ও ওষুধ নিয়ে যাচ্ছে এটি।
ত্রিপোলি ভিত্তিক মানবিক সাহায্য সংস্থা 'গাদ্দাফি ইন্টারন্যাশনাল চ্যারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন', এর ১২ জন নাবিক ছাড়াও নৌ বহরে মোয়াম্মার গাদ্দাফির দ্বিতীয় পুত্র সাইফ আল-ইসলাম সহ ৯ জন ত্রাণকর্মী রয়েছেন।
ইসরায়েল এর আগে গত ৩১ মে গাজা অভিমুখী তুরস্কের ত্রাণবাহী জাহাজে কমান্ডো হামলা চালালে ৯ তুর্কি ত্রাণকর্মী নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২১৩৪ ঘ.
bdnews24