কাঠমান্ডু, ১৩ জুলাই, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- নেপালের পার্লামেন্ট ২১ জুলাই নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করবে। এক শীর্ষ কর্মকর্তা মঙ্গলবার একথা বলেছেন।
সাবেক মাওবাদী বিদ্রোহীদের চাপের মুখে দু'সপ্তাহ আগে প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল পদত্যাগ করার পর থেকে নেপালে কোনো কার্যকর সরকার নেই।
পার্লামেন্টের স্পিকার সুবাস নেমোয়াং বলেছেন, "আমি ২১ জুলাই সকাল ১১ টায় প্রধানমন্ত্রী নির্বাচনের সময় নির্ধারণ করেছি।"
কিন্তু নেপালে চলমান রাজনৈতিক অচলাবস্থার মধ্যে সবার মতৈক্যের ভিত্তিতে প্রধানমন্ত্রী নির্বাচন করা সহজ নয়।
মাওবাদীরা ইতোমধ্যেই নতুন জোট সরকারের নেতৃত্ব দাবি করেছে।
মাওবাদীরা ২০০৮ সালের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে সরকার পরিচালনায় গেলেও বেশিদিন তা ধরে রাখতে পারেনি। প্রেসিডেন্টের সঙ্গে বিরোধে গত বছর পদত্যাগ করেন তৎকালীন মাওবাদী প্রধানমন্ত্রী প্রচণ্ড।
তবে মাওবাদীরা বলছে, ২০০৮ সালের নির্বাচনে তারা একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে জয়লাভ করার কারণে তাদেরকেই নতুন সরকার পরিচালনায় থাকতে দেওয়া উচিত।
কিন্তু মাওবাদীদের ওপর আস্থা রাখতে পারছে না অন্য রাজনৈতিক দলগুলো। মাওবাদীরা বল প্রয়োগ করে রাষ্ট্রীয় ক্ষমতা করায়ত্ব করতে পারে বলে আশঙ্কা করছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৫৭ ঘ.
bdnews24