২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে দূতাবাসে আশ্রয় নিয়েছেন ইরানের বিজ্ঞানী

ইরানের নিখোঁজ পরমাণু বিজ্ঞানী যুক্তরাষ্ট্রের পাকিস্তান দূতাবাসের ইরানি শাখায় আশ্রয় নিয়েছেন। শহরাম আমিরি নামের এ বিজ্ঞানীকে সিআইএ অপহরণ করেছে বলে তেহরান অভিযোগ করে আসছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2010, 11:04 AM

Updated : 25 Aug 2022, 01:50 PM

তেহরান, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি/রয়টার্স)--- ইরানের নিখোঁজ পরমাণু বিজ্ঞানী যুক্তরাষ্ট্রের পাকিস্তান দূতাবাসের ইরানি শাখায় আশ্রয় নিয়েছেন। শহরাম আমিরি নামের এ বিজ্ঞানীকে সিআইএ অপহরণ করেছে বলে তেহরান অভিযোগ করে আসছে। তেহরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাদের ওয়েবসাইটে খবরটি নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে, "অপহৃত ইরানি বিশেষজ্ঞ শাহরাম আমিরি ওয়াশিংটনে কয়েকঘণ্টা আগে দূতাবাসের ইরানি শাখায় আশ্রয় নিয়েছেন।" মেহের বার্তা সংস্থার অন্য আরেকটি প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন গোয়েন্দাদের অপহৃত আমিরি অবিলম্বে তাকে ইরানে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছেন। ওদিকে, ইরনা বার্তা সংস্থা নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে মঙ্গলবার জানিয়েছে, "আমরা পাকিস্তান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছি। শাহরাম আমিরি সেখানে আশ্রয় নিয়েছেন। এ ব্যাপারে শিগগিরই বিস্তারিত জানানো হবে।" ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণলয়ের এক কর্মকর্তাও রয়টার্সকে জানিয়েছেন যে, আমিরি পাকিস্তান দূতাবাসের ইরানি শাখায় আছেন। তবে এ ব্যাপারে মন্তব্যের জন্য ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাসের পররাষ্ট্রবিভাগের কোনো কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। উল্লেখ্য, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ৩ দশকেরও বেশি সময় ধরে কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকায় যুক্তরাষ্ট্রে ইরানের স্বার্থ দেখাশুনা করে থাকে পাকিস্তান। দীর্ঘদিন থেকেই ইরানের কর্মকর্তাদের অভিযোগ, আমিরি গত বছর সৌদি আরবে হজ্জ করতে গেলে মার্কিন গোয়েন্দারা তাকে অপহরণ করে। গত সপ্তাহে ইরান সুইস দূতাবাসে সিআইএ'র হাতে আমিরি অপহুত হওয়ার প্রমাণও দিয়েছে। ইরানে মার্কিন স্বার্থ দেখাশুনা করে সুইস দূতাবাস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫৪ ঘ.