২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উগান্ডায় বোমা হামলার ঘটনায় গ্রেপ্তার অভিযান

উগান্ডায় বোমা হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2010, 08:13 AM

Updated : 25 Aug 2022, 01:50 PM

কামপালা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উগান্ডায় বোমা হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। পৃথক দুটি বোমা হামলা চালানো হলেও তৃতীয় একটি আত্মঘাতী হামলার পরিকল্পনা ছিল। অবিস্ফোরিত অবস্থায় বোমাবাঁধা বেল্ট খুঁজে পাওয়ায় পুলিশ এ ব্যাপারে নিশ্চিত হয়। এরপরই পুলিশ গ্রেপ্তার অভিযান শুরু করে। মঙ্গলবার সরকারের মুখপাত্র ফ্রেড ওপোলোট এ কথা জানান। ইতোমধ্যে সোমালিয়া ভিত্তিক আল কায়েদা অনুসারী ইসলামি জঙ্গি সংগঠন 'শেবাব' এ হামলার দায় স্বীকার করেছে। ওপোলোট বলেন, "আত্মঘাতী হামলা চালানোর লক্ষ্যে বোমাবাঁধা বেল্ট পাওয়ার পর, সোমবার শেষভাগে গ্রেপ্তার অভিযান শুরু হয়। বেল্টটি রাজধানী কামপালার মাকিন্দে এলাকায় পাওয়া গেছে।" তবে হামলার পর ঠিক কতজনকে গ্রেপ্তার করা হয়েছে সে ব্যাপারে কিছু বলেন নি ওপোলোট। আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষা মিশন থেকে সেনা প্রত্যাহার না করলে আল শেবাব উগান্ডা ও বুরুন্ডিতে আরো বোমা হামলা চালাবে বলে হুমকি দিয়েছে। দুটি রাষ্ট্রই আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনী পাঠিয়েছে। বোমা হামলার এ ঘটনায়, আগামী মাসে উগান্ডায় অনুষ্ঠিতব্য আফ্রিকান ইউনিয়নের একটি শীর্ষ সম্মেলন বাতিল করা হবে কি না এ ব্যাপারে কোনো পরামর্শ নেই বলে জানান মুখপাত্র ওপোলোট। প্রসঙ্গত, রোববার রাতে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত স্পেন ও নেদারল্যান্ডসের মধ্যেকার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে জড়ো হওয়া দর্শকদের ওপর বোমা হামলা চালানো হয়। এতে নিহত ৭৪ জন নিহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪০৯ঘ.