গুয়ানতানামো বে, কিউবা জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- কিউবায় মার্কিন বন্দিশিবির গুয়ানতানামো বে কারাগারের একমাত্র পশ্চিমা কয়েদি ওমর খাদরের যুদ্ধাপরাধের বিচার আগামী মাসে শুরু করার প্রস্তুতি চলছে।
২৩ বছর বয়সী এ কানাডীয় নাগরিকের বিচার কাজের পূর্ব প্রস্তুতি হিসেবে সোমবারই তার পরীক্ষামূলক শুনানি শুরু হওয়ার কথা রয়েছে। প্রাথমিকভাবে ৫ দিন এ শুনানি অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে।
২০০২ সালে আফগানিস্তানে তালেবানদের সঙ্গে যুদ্ধ চলাকালে ওমরের ছোড়া গ্রেনেডে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর এক চিকিৎসক নিহত হন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
নির্ধারিত সময়ে মামলার বিচার কাজ শুরু হওয়া নিয়ে আশঙ্কা সৃষ্টি হওয়ায় এ মাসের শুরুর দিকে ওমর তার যুক্তরাষ্ট্রের আইনজীবীদের বরখাস্ত করার সিদ্ধান্ত নেন।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জো ডেলা ভেদোভা বলেন, "এখন তিনি কি করতে চান তা ওমর খাদরের মুখ থেকে বিচারকের শোনা প্রয়োজন।"
সোমবারের পরীক্ষামূলক শুনানির বিষয়ে তিনি বলেন, "আদালতে সোমবারের বিশেষ অধিবেশনের উদ্দেশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো খতিয়ে দেখা।"
৫ দিনের শুনানির পর খাদরের বিচারকাজ শুরু হবে ১০ আগস্ট। বিচার শুরুর দিন আইনজীবীরা কি তথ্যপ্রমাণ হাজির করবেন তা নির্ধারণের জন্যই এই পূর্বপ্রস্তুতিমূলক শুনানি অনুষ্ঠান করা হচ্ছে।
তবে গুয়ানতানামো বে'র মার্কিন সামরিক আদালতের নিয়ম অনুযায়ী, যুক্তরাষ্ট্রের এটর্নি ছাড়া তার পক্ষে কোনো কানাডীয় আইনজীবী শুনানি করতে পারবেন না। তাই ওমরকে হয় অন্য কোনো মার্কিন আইনজীবী নিয়োগ করতে হবে, নাহলে তার পক্ষে কোনো আইনি সহায়তাকারী ছাড়াই বিচার কাজ চলবে।
গুয়ানতানামো বে কারাগারে এখনো আটক থাকা একমাত্র পশ্চিমা নাগরিক ওমর খাদর। ব্রিটেন, ফ্রান্স ও অস্ট্রেলিয়াসহ সব পশ্চিমা নাগরিক তাদের সরকারের অনুরোধে এ কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরে গেছে।
কিন্তু কানাডার প্রধানমন্ত্রী স্টিফের হার্পার সরকার তাকে ফেরত পাঠানোর জন্য ওয়াশিংটনের কাছে আহ্বান জানাতে অস্বীকৃতি জানিয়েছে।
ওমর খাদর ১৯৮৬ সালে টরেন্টোয় জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের ঘনিষ্ঠ বন্ধু।
২০০২ সালের জুলাইয়ে আফগানিস্তানে যুদ্ধরত অবস্থায় গ্রেপ্তার হওয়ার সময় ওমর গুরুতর আহত হন। তাতে তার এক চোখের দৃষ্টিশক্তি হারিয়ে যায়।
ওমর আট বছর ধরে গুয়ানতানামো কারাগারে আটক রয়েছেন এবং বিচারে দোষী সাব্যস্ত হলে বাকি জীবনও তাকে কারাগারে কাটাতে হবে।
জাতিসংঘ মহাসচিব বান কি মুন ওমরকে একজন শিশু যোদ্ধা হিসেবে বিবেচনার জন্য মার্কিন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। কারণ গ্রেপ্তার হওয়ার সময় তার বয়স ১৬ বছরের কম ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৮৫৬ ঘ.
bdnews24