২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উগান্ডায় বোমা হামলায় নিহতের সংখ্যা ৭৪

উগান্ডার রাজধানী কামপালায় রোববার রাতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখার সময় রেস্তোরাঁ ও ক্লাবে পৃথক দুটি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪ জনে পৌঁছেছে। কর্মকর্তারা সোমবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2010, 07:42 AM

Updated : 25 Aug 2022, 01:47 PM

কামপালা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- উগান্ডার রাজধানী কামপালায় রোববার রাতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখার সময় রেস্তোরাঁ ও ক্লাবে পৃথক দুটি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪ জনে পৌঁছেছে। কর্মকর্তারা সোমবার একথা জানিয়েছেন। আহতের সংখ্যা ৭০ জনেরও বেশি বলে জানিয়েছেন তারা। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে জড়ো হওয়া দর্শকদের ওপর এ হামলা চালানো হয়। উগান্ডার ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ কালে কেইহুরা সাংবাদিকদের বলেছেন, কামপালায় অবস্থিত একটি ইথিওপিয়ান রেস্টুরেন্ট এবং একটি রাগবি ক্লাবে রোববার রাতে এ সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। তিনি আরো বলেন, এ হামলার সঙ্গে সোমালিয়া ভিত্তিক আল কায়েদা অনুসারী ইসলামপন্থী 'শেবাব' জঙ্গিরা যে হুমকি দিয়েছিল তার যোগসূত্র থাকতে পারে। আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী মিশনে কয়েক হাজার সেনা পাঠানোয় 'শেবাব' উগান্ডায় সন্ত্রাসী হামলার হুমকি দেয়। তবে কোনো গোষ্ঠীই এখনো পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি। উগান্ডা সরকারের মুখপাত্র ফ্রেড অপোলোট বলেন, "সর্বশেষ হিসাবে নিহতের সংখ্যা ৭৪ বলে নিশ্চিত করা হয়েছে।" তবে তিনি বিস্তারিত কিছু বলতে অস্বীকৃতি জানান। এর আগে পুলিশ নিহতের সংখ্যা ৬৪ বলে জানায়। ফ্রেড বলেন, নিহতদের পরিচয় এখনো পুরোপুরি জানা যায়নি এবং এগুলো আত্মঘাতী হামলা কিনা পুলিশ তা খতিয়ে দেখছে। কামপালার মার্কিন দূতাবাসের মুখপাত্র জানান, নিহতদের মধ্যে একজন আমেরিকানও রয়েছেন। তাছাড়া, এএফপির এক সাংবাদিক শহরের প্রধান মুলাগো হাসপাতালে চিকিৎসারত তিন মার্কিন নাগরিককে দেখতে পান। তারা বোমা হামলায় আহত হয়েছে বলে তিনি জানান। মুলাগো হাসপাতালে চিকিৎসারত ১৮ বছর বয়সী যুক্তরাষ্ট্রের নাগরিক ক্রিস স্লেজ বলেন, "আমরা শুধু বিশ্বকাপের খেলা দেখতে চেয়েছিলাম। দুর্ভাগ্যবশত আমরা ইথিওপিয়ানদের গ্রামে চলে গিয়েছিলাম।" হামলায় পা ও চোখে মারাত্মক আঘাতপ্রাপ্ত ক্রিস আরো বলেন, "আমি ঠিক আছি। তবে আমার অস্ত্রোপচার প্রয়োজন।" যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র মাইক হাম্মার এক বিবৃতিতে বলেন, "প্রেসিডেন্ট বারাক ওবামা দুঃখজনক ও কাপুরুষোচিত এ হামলায় হতাহতদের জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন। উগান্ডার জনগণ ও হতাহতদের স্বজনদের প্রতিও তিনি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।" মাইক জানান, "উগান্ডা সরকারের অনুরোধে যুক্তরাষ্ট্র যে কোনো ধরনের সহায়তা করতে প্রস্তুত রয়েছে।" ওদিকে, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কুচনা সেগুলোকে 'বর্বরোচিত' হামলা বলে বর্ণনা করেছেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেছেন, বোমা হামলার সংবাদে তিনি গভীর দুঃখ পেয়েছেন। তিনি বলেন, "আফ্রিকার ঐক্যের উৎসব হিসেবে যখন সারা বিশ্ববাসী খেলাটি দেখছিলো তখন তারা কাপুরুষের মতো হামলা চালিয়েছে।" উগান্ডার পুলিশ প্রধান কেইহুরা বোমা হামলায় জড়িতদের খুঁজে বের করার আগ পর্যন্ত সেখানকার অধিবাসীদের কোথাও সমবেত না হওয়ার আহ্বান জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এজে/বিসিএস/এএইচ/এলকিউ/২০১৯ঘ.