ওয়াশিংটন, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- জাতিসংঘের সন্ত্রাসী তালিকা থেকে সর্বোচ্চ ৫০ জন সাবেক তালেবান কর্মকর্তার নাম কাটানোর চেষ্টা করছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই।
বিদ্রোহীদের সঙ্গে সমঝোতা আলোচনার অংশ হিসেবে কারজাই নাম কাটানোর পরিকল্পনা করেছেন বলে জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট।
যেকোনো ধরনের শান্তি আলোচনার জন্য কারজাই সরকার জঙ্গিদের জন্য কিছু শর্ত ঠিক করেছে। এগুলো হলো- সহিংসতা বন্ধের ঘোষণা, আফগানিস্তানের সংবিধান গ্রহণ ও আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক প্রত্যাহার।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন এক আফগান কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটিতে বলা হয়েছে, তালেবানদের সঙ্গে দ্বন্দ্ব নিরসনের জন্য প্রেসিডেন্টের ওপর চাপ তৈরি হয়েছে।
আর এজন্যেই কারজাই আফগানিস্তানে নয় বছরব্যাপী চলমান সহিংসতা বন্ধে রাজনৈতিক সমঝোতার ব্যাপারে দ্রুত উদ্যোগী হয়েছেন।
এ প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট কারজাইকে সহায়তা করছে ।
এদিকে কূটনেতিক এ পরিকল্পনার বিরোধিতা করছেন জাতিসংঘ কর্মকর্তারা।
প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তান ও পাকিস্তান বিষয়ক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বিশেষ প্রতিনিধি রিচার্ড হোলব্রোক। সন্ত্রাসী তালিকা থেকে নাম কাটানোর প্রক্রিয়াকে আরো এগিয়ে নেওয়ার ব্যাপারে জোর দিতে হোলব্রোক গত মঙ্গলবার জাতিসংঘ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
তবে মোহাম্মদ ওমরসহ সবচেয়ে শীর্ষ কয়েকজন তালেবান জঙ্গির নাম কাটানোর বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র।
এদিকে এ মাসে কাবুলে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সম্মেলনের আগে সন্ত্রাসী তালিকা থেকে সন্দেহভাজন তালেবান সদস্যদের নাম কাটানোর ব্যাপারে চুক্তি করতে চান হোলব্রোক।
আফগানিস্তানে স্থিতিশীলতা ফিরিয়ে আনতেই এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩০৮ঘ.
bdnews24