২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পার্লামেন্টের উচ্চকক্ষ নির্বাচনে ধরাশায়ী জাপান সরকার

জাপানে রোববার পার্লামেন্টের উচ্চকক্ষ নির্বাচনে বড় ধরনের ধাক্কা খেয়েছে সরকার। বুথফেরত জরিপে দেখা গেছে, উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারাতে চলেছে নতুন প্রধানমন্ত্রী নাওতো কানের ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি অব জাপান (ডিপিজে)। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2010, 04:11 PM

Updated : 25 Aug 2022, 01:40 PM

টোকিও, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)--- জাপানে রোববার পার্লামেন্টের উচ্চকক্ষ নির্বাচনে বড় ধরনের ধাক্কা খেয়েছে সরকার। বুথফেরত জরিপে দেখা গেছে, উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারাতে চলেছে নতুন প্রধানমন্ত্রী নাওতো কানের ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি অব জাপান (ডিপিজে)। জাপানের কয়েকটি গণমাধ্যমে বুথ ফেরত জরিপের ফল বলছে, ডিপিজে মাত্র ৪৭ টি আসন পাবে আর তার ছোট্ট শরিক দল পিপলস নিউ পার্টি একটি আসনেও জিতবে না। ফলে উচ্চকক্ষের নিয়ন্ত্রণ হারাতে হবে প্রধানমন্ত্রী কানকে। পার্লামেন্টের উচ্চকক্ষের নিয়ন্ত্রণ হারালে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো বিপর্যয়ের সম্মুখীন হবে না সরকার। তবে পার্লামেন্টে কোনো আইন ও বিল পাস করা সরকারের জন্য কঠিন হয়ে পড়বে। তাছাড়া জোট সরকারে নতুন কোনো অংশীদারেরও সন্ধান করতে হবে ডিপিজেকে। জাপান পার্লামেন্টের উচ্চকক্ষের (হাউস অব কাউন্সিলরস) নির্বাচনে রোববার ভোট গ্রহণ শেষে এনএইচকে ব্রডকাস্টারের তথ্যমতে বুথ ফেরত জরিপে দেখা গেছে, নির্বাচন হওয়া ১২১ টি আসনের মধ্যে ডিপিজে সর্বোচ্চ ৫৯ টি আসনে জয়লাভ করতে পারে। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে তাদের ৬৮ টি আসনে জয়লাভ করা প্রয়োজন। বাকী আসনগুলোর মধ্যে ডিপিজে'র হাতে আছে ৫৪ টি আসন। অর্থাৎ, দেখা যাচ্ছে, ডিপিজে উচ্চকক্ষের মোট ২৪২ আসনের মধ্যে ১১৩ টির বেশি আসন ধরে রাখতে পারছে না। কিন্তু আধিপত্য রাখতে ন্যূনতম ১২২ টি আসন প্রয়োজন। যা মোট আসনের অর্ধেক। গত আগস্টে ডিপিজে বিপুল ভোটে জয়লাভ করে জাপানে দীর্ঘদিনের কনজারভেটিভ লিবারেল ডেমোক্র্যাটদের হটিয়ে ক্ষমতায় আসে। কিন্তু নেতৃত্বে দুর্বলতা এবং ওকিনাওয়ায় মার্কিন বিমান ঘাঁটি নিয়ে বিরোধ সামাল দিতে সরকারের ব্যর্থতার কারণে জনসমর্থন দ্রুত কমেছে। ফলে পার্লামেন্ট ডায়েটের নিুকক্ষের মতো উচ্চকক্ষেও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য এ নির্বাচনে ডিপিজে'র সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা জরুরি। অর্থনৈতিক সংস্কার কর্মসূচি অব্যাহত রাখতে স্থিতিশীল সংখ্যাগরিষ্ঠতা চান প্রধানমন্ত্রী কান। তাছাড়া জাপানের বিশাল অঙ্কের ঘাটতি পূরণের জন্যও সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন ডিপিজে'র। অন্যথায় কানের ওপর পদত্যাগের চাপ বাড়বে বলে মন্তব্য করেছেন সোফিয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কিয়োচি কাকানো। কিন্তু কান ইতোমধ্যেই পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এএইচ/এলকিউ/২২০৫ ঘ.