শ্রীনগর, ভারত, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- ভারত-শাসিত কাশ্মিরের বেশিরভাগ অঞ্চল থেকে কারফিউ তুলে নেওয়া হলেও সাধারণ মানুষ হত্যার প্রতিবাদে বিচ্ছিন্নতাবাদীদের ডাকা ধর্মঘটের কারণে দোকান-পাট ও অফিস-আদালত বন্ধ রয়েছে।
এক মাসে বেশ কিছু তরুণসহ ১৫ জন সাধারণ মানুষ হত্যার অভিযোগে মুসলিম অধ্যুষিত কাশ্মীর উপতক্যায় তীব্র আন্দোলন নিয়ন্ত্রণ করতে ভারতীয় নিরাপত্তা বাহিনী যথাসম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা এএফপিকে জানান, শ্রীনগরের কিছু উত্তাল এলাকা ছাড়া অন্যান্য স্থান থেকে কারফিউ তুলে নেওয়া হয়েছে। শ্রীনগর ভারতীয় কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী।
পুলিশ ও আধা-সামরিক বাহিনীর গুলিতে তিন জন নিহত হওয়ার পর বিক্ষোভ ঠেকাতে গত মঙ্গলবার শ্রীনগরে কারফিউ জারি করা হয়েছিল।
সে এলাকায় ভারতীয় শাসন ও সাধারণ মানুষ হত্যার প্রতিবাদে বিচ্ছিন্নতাবাদীরা ধর্মঘট ডাকায় রোববার কাশ্মীরের বেশিরভাগ অঞ্চল বন্ধ হয়ে যায়।
শ্রীনগরের ফাঁকা রাস্তায় হাজার হাজার নিরাপত্তা কর্মীরা টহল দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৫২ ঘ.
bdnews24