২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে নির্বাচন নিয়ে মতবিরোধে রাজনীতিবিদরা

মিয়ানমারে এ বছরের শেষ দিকে অনুষ্ঠেয় নির্বাচনে অংশগ্রহণ নিয়ে রাজনীতিবিদদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2010, 01:37 PM

Updated : 25 Aug 2022, 01:41 PM

ব্যাংকক, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)-মিয়ানমারে এ বছরের শেষ দিকে অনুষ্ঠেয় নির্বাচনে অংশগ্রহণ নিয়ে রাজনীতিবিদদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে ছাড়াই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জোর প্রস্তুতি শুরু করেছে সদ্য আত্মপ্রকাশ করা রাজনৈতিক দল ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফোর্স (এনডিএফ)। তবে সামরিক জান্তা খুব শিগগিরই ক্ষমতা হাতছাড়া করবে না বলে সতর্ক করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এনডিএফকে নিবন্ধনের অনুমোদন দেওয়ার জান্তা সরকারের সিদ্ধান্তকে বিশেষজ্ঞরা স্বাগত জানিয়েছেন। সু চি'র নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দল নিষিদ্ধ ঘোষণার পর এনএলডি'র নেতারা ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফোর্স (এনডিএফ) গঠন করেছে। তবে এনডিএফ'র নেতারা বলছেন, তাদের সঙ্গে মতবিরোধ থাকা এনএলডি'র নেতারা নির্বাচন বর্জনের জন্য প্রচারণা চালাতে পারে। গত ২০ বছরের মধ্যে মিয়ানমারে এবারই প্রথম নির্বাচন হতে যাচ্ছে। দেশটিতে অর্ধ শতক ধরে সামরিক জান্তার ক্ষমতা দখলে রাখার বিষয়টি হুমকির মুখে পড়তে পারে বলে নির্বাচনটি সরকারের একটি ভাওতাবাজিও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মিয়ানমারে অস্ট্রেলিয়ার সাবেক রাষ্ট্রদূত ট্রেভর উইলসন বলেন, মিয়ানমারে সামরিক জান্তা ক্ষমতা ছাড়ার আগে কয়েক বছরের জন্য তাদের বিশ্বস্ত লোক দিয়ে বেসামরিক সরকার গঠনের দিকে যেতে পারে। তিনি বলেন, "আমি বছরের পর বছর তাদের বলতে শুনেছি যে, তারা একটি অস্থায়ী সরকার। এখন মনে হচ্ছে তারা এমন একজনের কাছে ক্ষমতা দিতে চাচ্ছেন যে তাদের অনুগত থাকবে। কিন্তু কে এই ছদ্মবেশী?" তিনি জানান, এনডিএফসহ কোনো দলের প্রতি তার তেমন আস্থা নেই। তবে ছোটো দলগুলোর জোট হলে তা সবচেয়ে ভালো ফল আনতে পারে বলে তিনি মনে করেন। নির্বাচনে অংশ নিতে প্রায় ৪০ টির মতো দল নিবন্ধনের জন্য অনুমোদিত হয়েছে। গুজব রয়েছে আগামী অক্টোবরে বা নভেম্বরে নির্বাচনটি অনুষ্ঠিত হতে পারে। তবে দেশটির প্রধান বিরোধী দল এনএলডি নির্বাচনে অংশ নিতে পারছে না। সু চিকে নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য ঘোষণা করে আইন করায় সে আইনকে 'অন্যায়' অভিহিত করে সু চি জানান, তার দলের নিবন্ধন তিনি কখনোই মেনে নিতে পারবেন না। এনএলডি'র সাবেক নেতাদের গঠিত এনডিএফ মানুষকে ভোটে অংশ নিতে আহ্বান জানিয়ে বলছে, এ নির্বাচন দেশটিতে কাঙ্খিত পরিবর্তন নিয়ে আসতে পারে। এনএলডি'র শীর্ষ নেতারা এনডিএফ-এর বিরুদ্ধে তাদের দলীয় প্রতীক নকল করে ব্যবহার করার অভিযোগ আনার পর সম্প্রতি নির্বাচনের পক্ষে ও বিপক্ষে অবস্থান নেওয়া সাবেক এনএলডি'র নেতাদের মধ্যে বিরোধ চরমে পৌঁছেছে। তবে এনডিএফ'র চেয়ারম্যান ড.থান নেইন এএফপি'র সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, নির্বাচনে অংশ নিতে আগ্রহী এবং সু চি'র গণতন্ত্রের সংগ্রামকে অব্যাহত রাখার অঙ্গীকার রয়েছে এমন যে কোনো এনএলডি সদস্যকে তার দল স্বাগত জানাবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, সাবেক এনএলডি সদস্যরা নতুন এ দলটিকে 'অগণতান্ত্রিক' আখ্যা দিয়ে প্রচার চালাচ্ছে এবং তারা মানুষকে নির্বাচন বর্জনের আহ্বান জানাচ্ছে। তবে অন্যান্য বিরোধী দলগুলো এনডিএফকে স্বাগত জানিয়েছে। মিয়ানমারের ডেমোক্র্যাটিক পার্টির মহাসচিব থান থান নু এনডিএফকে স্বাগত জানিয়ে বলেন, গণতন্ত্রের সংগ্রামকে তা শক্তিশালী করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১১৯৩১ ঘ.