মস্কো, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/ এএফপি)- যুক্তরাষ্ট্র ও রাশিয়া ১৪ জন গুপ্তচর বিনিময় করেছে। স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে এটিই দু'দেশের গুপ্তচর বিনিময়ের সবচেয়ে বড় ঘটনা।
যুক্তরাষ্ট্রে ধরা পড়া ১০ গুপ্তচরের সঙ্গে রাশিয়া ৪ পশ্চিমা গুপ্তচর বিনিময় করেছে। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের দুটি বিশেষ ফ্লাইটে করে গুপ্তচরদের অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় নিয়ে যাওয়া হয়।
সেখানে নাটকীয় এ বন্দি বিনিময়ের ১৫ মিনিট পর আবার উড়ে যায় বিমানগুলো। তবে কোনো দেশই তাৎক্ষণিকভাবে গুপ্তচর বিনিময়ের খবর নিশ্চিত করেনি।
যুক্তরাষ্ট্র ২৭ জুন রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার তাদেরকে নিউ ইয়র্কের আদালতে নেওয়া হয়। সেখানে তারা দোষ স্বীকার করে ক্ষমাও চায়।
ওদিকে, ১০ গুপ্তচরের মুক্তির জন্য রাশিয়া তৎপরতা শুরু করে। রুশ কারাগারে আগেই বন্দি চার পশ্চিমা গুপ্তচরকে ওই ১০ জনের সঙ্গে বিনিময় করার চেষ্টায় নামে তারা। পরে দু'পক্ষের মধ্যে এ ব্যাপারে সমঝোতা হওয়ার পর গুপ্তচরদের মুক্তি দেওয়া হয়।
যুক্তরাষ্ট্র ১০ রুশ গুপ্তচরকে মুক্তি দেয়। তাদেরকে যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয় ভিয়েনায়। অন্যদিকে, রাশিয়াও চার গুপ্তচরকে মস্কো থেকে ভিয়েনায় নিয়ে যায়। চার বন্দির ক্ষমার আদেশ স্বাক্ষর করেন রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।
রাশিয়া থেকে মুক্তি পাওয়া ৪ জনের মধ্যে রয়েছেন পরমাণু বিশেষজ্ঞ ইগর সুতয়াগিন। তিনি ২০০৪ সাল থেকে রাশিয়ায় কারাবন্দী ছিলেন।
সিআইএ'র সম্মুখভাগে থেকে ব্রিটিশ একটি কোম্পানীকে গোপন রুশ সামরিক তথ্য পাচারের অভিযোগে সুতয়াগিনকে ১৫ বছরের জেল দেয় রাশিয়া।
সুতয়াগিনের সঙ্গে মুক্তি পাওয়া বাকীরা হচ্ছেন, সের্গেই স্ক্রিপাল, অ্যালেক্সান্ডার জাপরজস্কি ও গেন্নাদি ভাসিলেঙ্কো।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রে ধরা পড়া গুপ্তচরদের সম্পর্কে এফবিআই জানিয়েছে, তারা ভুয়া পরিচয়ে পরিবারসহ যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছিলেন।
স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর স
bdnews24