আবুজা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- ইরানের ওপর নতুন করে অবরোধ আরোপ করা হলেও তেহরান তাদের পরমাণু কর্মসূচি পরিবর্তন করবে না।
ক্রমাগত পশ্চিমা চাপ উপেক্ষা করে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ এ ঘোষণা দিলেন।
নাইজেরিয়ায় মুসলিম অধ্যুষিত উন্নয়নশীল রাষ্ট্রগুলোর সংগঠন ডি-৮ এর শীর্ষ সম্মেলেন মুসলিম নেতাদের বৈঠকের পর বৃহস্পতিবার ইরানের এই নেতা বলেন, "আমাদের পরমাণু কর্মসূচিতে সামান্য পরিবর্তনও হবেনা।"
অবরোধ আরোপ কোনো বিষয় নয় উল্লেখ করে একজন দোভাষীর বরাত দিয়ে তিনি বলেন, "এসব অবরোধ শুধুই কাগুজে ব্যাপার।"
ইরানের ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও যুক্তরাষ্ট্রসহ কয়েকটি পশ্চিমা রাষ্ট্র নতুন করে অবরোধ আরোপের বিরোধিতা করেন আহমেদিনেজাদ।
তিনি বলেন, এ ধরনের নোংরা ব্যাপার ডাস্টবিনে ছুঁড়ে ফেলা হবে।
এদিকে ইরানের বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, ইরানের পরমাণু শক্তির প্রধান আলি আকবর সাহেলি বুধবার প্রথমবারের মত স্বীকার করেছেন, এ অবরোধের ফলে পরমাণু কর্মসূচির গতি কিছুটা স্থিমিত হয়ে যেতে পারে।
তিনি আরো বলেন, "অবরোধ অকার্যকর একথা কেউ বলতে পারে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৫২৩ঘ.
bdnews24