পেশোয়ার, পাকিস্তান, জুলাই ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইয়াকাগহুন্দ শহরে শুক্রবার সরকারের পক্ষ থেকে হুইলচেয়ার বিতরণের সময় এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন।
এতে আহত হয়েছেন অন্তত ১০০ জন।
প্রশাসনিক কর্মকর্তা মাকসুদ আহমেদ এএফপিকে জানান, ইয়াকাগহুন্দে এই আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে।
মাকসুদ জানান, "মৃতের সংখ্যা ১৭। অন্তত ১০০ জন মানুষ আহত হয়েছেন। এটি একটি আত্মঘাতী হামলা।"
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রশাসনিক ভবনের সামনেই এই বিস্ফোরণ ঘটানো হয়, যেখানে অনেক মানুষ হুইলচেয়ার নেওয়ার জন্য জড়ো হয়েছিলেন।
মাকসুদ আরো জানান, "বিস্ফোরণে প্রশাসনিক কার্যালয়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। স্থানীয় একটি কারাগারের দেয়ালও এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকজন বন্দি এই সুযোগে পালিয়ে গেছে।"
পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত ৭টি জেলার একটি হচ্ছে ইয়াকাগহুন্দ। ওয়াশিংটনের ভাষ্য অনুযায়ী এ অঞ্চলটি হচ্ছে আল কায়েদার বৈশ্বিক সদর দপ্তর। অঞ্চলটির ওপর পাকিস্তার সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ নেই।
ছোট্ট এই শহরটি থেকে আফগান সীমান্ত খুব বেশি দূরে নয়, যেখানে মার্কিন নেতৃত্বাধীন প্রায় দেড়লাখ সেনা অবস্থান করছে।
পারমাণবিক ক্ষমতাধর পাকিস্তান আল কায়েদার বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্মুখ সারির মিত্র।
এখনো পর্যন্ত এই হামলার দায়িত্ব স্বীকার করেনি কেউ।
গত তিনবছরে তালেবান ও আল কায়েদা সংশ্লিষ্ট হামলায় অন্তত ৩ হাজার ৪শ' মানুষের প্রাণহানি হয়েছে।
এ মাসের ২ তারিখে লাহোরে এক মাজারে দুটি আত্মঘাতী বোমা হামলায় ৪৩ জন নিহত হয়। এর পরপরই পাকিস্তানি নেতৃত্ব এ সপ্তাহেই ইসলামি জঙ্গিদের হুমকি মোকাবিলায় কৌশল নির্ধারণের লক্ষ্যে জাতীয় সম্মেলনের আহ্বান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪১১ঘ.
bdnews24