কলোম্বো, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)--- শ্রীলংকায় যুদ্ধাপরাধ তদন্ত প্যানেলের প্রতিবাদে বৃহস্পতিবার কলোম্বোর জাতিসংঘ কার্যালয়ের বাইরে অনশন শুরু করেছেন গৃহায়ণমন্ত্রী বিমল বীরাওয়ানসা।
শ্রীলংকায় তামিল টাইগারদের সঙ্গে যুদ্ধের শেষদিনগুলোতে সেনাবাহিনীর যুদ্ধাপরাধের অভিযোগ খতিয়ে দেখতে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের গঠিত তদন্ত প্যানেলের বিরুদ্ধে এ সপ্তাহে বড় ধরনের বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন বীরাওয়ানসা।
বৃহস্পতিবার অনশন শুরুর কথা জানিয়ে তিনি বলেন, সেনাবাহিনীর মর্যাদা রক্ষার্থে তিনি আমরণ অনশন চালিয়ে যেতে প্রস্তুত।
সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, "জাতিসংঘের এই প্যানেল আমাদের সেনাবাহিনীকে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সামনে দাঁড় করানোর একটি পরিকল্পনা। আমরা তা হতে দেব না।"
তদন্ত প্যানেল বাতিল করে দেওয়ার জন্য জাতিসংঘ মহাসচিবের ওপর চাপ সৃষ্টি করতে তিনি শ্রীলংকাজুড়ে সবাইকে বিক্ষোভে শামিল হওয়ার আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৮৩৪ গ.
bdnews24