কাবুল, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- আফগানিস্তান সরকার দুর্নীতি দূরীকরণের প্রতিশ্র"তি দিলেও ২০০৬ সালের পর থেকে ৩ বছরে দেশটিতে দুর্নীতি বেড়ে দ্বিগুণ হয়েছে।
বৃহস্পতিবার প্রকাশিত এক জরিপের ফলে এ তথ্য পাওয়া গেছে।
দুর্নীতি পর্যবেক্ষক 'ইন্টেগ্রিটি ওয়াচ আফগানিস্তান' (আইডব্লিওএ) জানায়, ২০০৯ সালে আফগানিস্তানিরা ঘুষ দিয়েছে ১ বিলিয়ন ডলার যা ২০০৬ সালের তুলনায় দ্বিগুণ।
৬ হাজার ৫০০ জন প্রাপ্তবয়ষ্ক আফগান নাগরিকের মধ্যে প্রতি ৭ জনে ১ জন জানিয়েছেন, তাদের ঘুষ দেওয়ার অভিজ্ঞতা আছে। এছাড়া এক-চতুর্থাংশেরও বেশি পরিবার জানিয়েছে, একটি সরকারী চাকুরি পেতে তাদের ঘুষ দিতে হয়েছে।
আইডব্লিওএ জানায়, দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, নয় বছর ধরে চলমান লড়াইয়ের অবসান ঘটাতে এবং ৩০ বছর যুদ্ধের পর আফগানিস্তান পুনর্গঠনে বিদেশিদের দেওয়া বিলিয়ন বিরিয়ন ডলার সাহায্য হুমকির মুখে পড়েছে।
তারা আরো জানায়, এ জরিপের ফলে দেখা যাচ্ছে, দুর্নীতির কারণে রাষ্ট্র গঠনের আইনগত ভিত্তি হুমকির মুখে পড়েছে। এছাড়া, পররাষ্ট্র সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে, হতাশা বাড়ছে এবং জঙ্গিদের জন্য এ অবস্থা অনুকূল পরিবেশ তৈরি করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৫৮ ঘ.
bdnews24