অসলো, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- সন্ত্রাসী হামলা পরিকল্পনায় আল কায়েদার সঙ্গে জড়িত সন্দেহে বৃহস্পতিবার নরওয়ে ও জার্মানিতে ৩ জন গ্রেপ্তার হয়েছে। নরওয়ের 'পুলিশ সিকিউরিটি সার্ভিস' (পিএসটি) একথা জানিয়েছে।
পিএসটি প্রধান জেন ক্রিস্টিয়ানসেন অসলোর এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, সন্ত্রাসী হামলা পরিকল্পনা করা এবং আল কায়েদার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৩ জন গ্রেপ্তার হয়েছে।
এদের মধ্যে দুইজন কে নরওয়েতে এবং একজনকে জার্মানিতে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।
গ্রেপ্তারকৃতদের নাম প্রকাশ করা হয়নি তবে ক্রিস্টিয়ানা বলেছেন, এদের মধ্যে চীনা উইগুর বংশোদ্ভূত ৩৯ বছর বয়স্ক একজন নরওয়ের নাগরিক আছেন।
দ্বিতীয়জন ৩৭ বছর বয়স্ক ইরাকের কুর্দি এবং তৃতীয় জন আশ্রয়প্রার্থী হিসেবে উজবেকিস্তান থেকে নরওয়েতে গেছে।
নরওয়ের জাতীয় কৌঁসুলি জেন গ্লেন্ট এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালানোর জন্য একাট্টা হওয়ার অভিযোগ আনা হয়েছে। আমরা মামলাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। সন্দেহভাজনরা দোষী হওয়ার সম্ভাবনা ৫০ শতাংশ বলে মন্তব্য করেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক নরওয়ে ও মার্কিন কর্মকর্তারা এপি বার্তা সংস্থাকে বলেছেন, গ্রেপ্তারকৃতরা আল-কায়েদার সদস্য এবং তাদেরকে এক বছরের জন্য পর্যবেক্ষাণাধীন রাখা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হামলার জন্য কোনো লক্ষ্যস্থির করেছিল কিনা তা স্পষ্ট জানা যায়নি। তবে তারা প্রিঅক্সাইড বোমা বানানোর চেষ্টা করছিল বলে জানান ওই কর্মকর্তারা।
বিবিসি'র নিরাপত্তা সংবাদদাতা বলেছেন, নরওয়ে আল-কায়েদা হামলার টার্গেট হতে পারে। কারণ নরওয়ের সেনা রয়েছে আফগানিস্তানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/বিবি/এলকিউ/১৭০০ ঘ.
bdnews24